Ajker Patrika

বিশ্বকাপের মাঝপথে হাসপাতালে ভারতীয় ব্যাটার, কারণ কী

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ০৯
বিশ্বকাপের মাঝপথে হাসপাতালে ভারতীয় ব্যাটার, কারণ কী
পেটের পীড়ায় ভুগছেন এই ওপেনার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে ভারত। তবে একাধিক খেলোয়াড়ের অসুস্থতায় কিছুটা চিন্তায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অসুস্থতার কারণে তারকা ওপেনার অভিষেক শর্মাকে তো হাসপাতালেই ভর্তি হতে হয়েছে।

পেটের পীড়া থাকায় দিল্লির এক প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিষেককে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

ভারতীয় ক্রিকেটের শীর্ষ সংস্থার ওই সূত্র পিটিআইকে বলেছে, ‘অভিষেক শর্মাকে দিল্লির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পেটের পীড়ায় ভুগছে। সমস্যার ধরন নিশ্চিত হতে কিছু পরীক্ষা করানো হয়েছে। এটা নিশ্চিত নয় যে আজকে (বুধবার) সে ছাড়া পাবে কি না। তবে বর্তমান পরিস্থিত বলছে, পরবর্তী ম্যাচে (নামিবিয়ার বিপক্ষে) তার একাদশে থাকা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডাক মেরে আউট হন অভিষেক। এরপর আর ফিল্ডিংয়ে নামেননি। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে ভারত। শেষ পর্যন্ত ম্যাচটিতে অভিষেক না থাকলে ওপেনিং করতে নামবেন সঞ্জু স্যামসন। অভিষেক হাসপাতালে ভর্তি হলেও একটা স্বস্তির খবর আছে ভারতীয় শিবিরে। জ্বর থেকে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন যশপ্রীত বুমরা। নামিবিয়ার বিপক্ষে তাঁর খেলার সম্ভাবনা একরকম নিশ্চিত। ওয়াশিংটন সুন্দরও দলে যোগ দিয়েছে। তবে এই স্পিনিং অলরাউন্ডারের একাদশে থাকার সম্ভাবনা খুবই কম।

এই তিন জনকে নিয়ে গতকাল ভারতের ব্যাটিং কোচ রায়ান টেন ডেসকাট বলেন, ‘অভিষেক পেটের সমস্যায় ভুগছে। আমরা আশাবাদী সে দুই দিনের মধ্যে মাঠে নামার পর্যায়ে থাকবে। বুমরা নেটে বোলিং করবে (গতকাল)। সে দশ দিন ধরে বোলিং করেনি। এখন সে অনেক ভালো বোধ করছে এবং সহজে চলাচল করছে। আমরা দেখব আজ এবং আগামীকাল অনুশীলন কেমন হয় এবং তারপর শুক্রবার দলকে একত্রিত করব। ওয়াশিংটন সুন্দর গতকাল (সোমবার) দলের সঙ্গে যোগ দিয়েছে। সে অনুশীলন করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত