Ajker Patrika

রানাকে ওয়াকার ইউনিসের সঙ্গে তুলনা করলেন বাংলাদেশ কোচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৮: ৫৮
রানাকে ওয়াকার ইউনিসের সঙ্গে তুলনা করলেন বাংলাদেশ কোচ
ওয়ানডেতে এরই মধ্যে দুইবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ছবি: বিসিবি

ঘণ্টার ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং। পাশাপাশি নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে বাউন্সারে ব্যাটারদের রীতিমতো নাজেহাল করে ছাড়েন নাহিদ রানা। উইকেট হারানোর ভয়ে ব্যাটাররা তাঁকে বেশ সাবধানে খেলেন। আগুনে বোলিংয়ে বাংলাদেশের গতিতারকাকে পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিসের সঙ্গে তুলনা করেছেন শন টেইট।

১০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ইনিংসে দুইবার ৫ উইকেট নিয়েছেন রানা। গত মাসে পাকিস্তানের পর পরশু নিউজিল্যান্ডের অর্ধেক ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন তিনি। বাউন্সারের পাশাপাশি লেংথের পরিবর্তন করেছেন। যার মধ্যে ওপেনার হেনরি নিকোলসকে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লুর ফাঁদে ফেলেছিলেন রানা। ইয়র্কারে রানা টেলএন্ডার ব্যাটার জেডন লেনক্সকে বোল্ড করে নিয়েছেন নিজের পঞ্চম উইকেট।

রানাকে দেখে পাকিস্তানি বোলিং কিংবদন্তি ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে টেইটের। যেখানে ৯০-এর দশকে উচ্চগতির বোলিংয়ের পাশাপাশি ইয়র্কারে অসংখ্য উইকেট নিয়েছেন পাকিস্তানি বোলিং কিংবদন্তি। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে এসে পেস বোলিং কোচ টেইট প্রশংসায় ভাসিয়েছেন রানাকে। সাংবাদিকদের টেইট বলেন, ‘আগের ম্যাচে (দ্বিতীয় ওয়ানডে) রানার ইয়র্কার সবচেয়ে ভালো লেগেছে। সেটা দেখে ওয়াকার ইউনিসের দিনগুলোতে ফিরে গিয়েছিলাম আমি। পেসাররা এসে টপ অর্ডারের উইকেটও নেবে। টেলএন্ডারের ব্যাটারদেরও ফিরিয়ে দেবে।’

বিদ্যুৎ খরচ বাঁচাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো নিয়ে আসা হয়েছে দিনে। পরিবর্তিত সূচি অনুযায়ী দুটি ম্যাচই সকাল ১১টায় শুরু হয়েছে। মিরপুরে দুই ম্যাচই নিউজিল্যান্ড আগে ব্যাটিং করেছে। বৈশাখের দাবদাহে বাংলাদেশের মানুষদের যেখানে হাঁসফাঁস করার মতো অবস্থা, রানা সেখানেই ব্যতিক্রম। দ্বিতীয় ওয়ানডেতে পুরো ১০ ওভার বোলিং করেছেন। ফিল্ডিংয়েও ছিলেন প্রায় চার ঘণ্টার মতো মাঠে।

পেস বোলিং কোচ টেইটও বিশ্বের সর্বোচ্চ গতিধারী বোলারদের অন্যতম। রানাকে দেখে কি তাঁর (টেইট) খেলোয়াড়ি জীবনের কথা মনে পড়ে গেল—সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রানার ফিটনেসের প্রশংসা করেছেন টেইট। বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, ‘মিলও যেমন আছে, তেমনি পার্থক্যও রয়েছে। তার মতো ফিট ছিলাম না আমি। তাকে দেখে মনে হয় জোরে বোলিং করাটা খুব সহজ। তার চোটে পড়ার ঝুঁকি কম।’

ছন্দটা ধরে রাখতে অনেক সাবধানী হতে হবে বলে মনে করেন টেইট। সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ বলেন, ‘বর্তমান ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টিতে পেসারদের বৈচিত্র্যময় বোলিং করতে দেখা যায়। সে বুদ্ধিমান ছেলে। এই মুহূর্তে ব্যাপারটাকে খুব বেশি জটিল করা ঠিক না। সে যেভাবে বোলিং করছে এবং তার জন্য যেটা গুরুত্বপূর্ণ, সেভাবেই এগোনো উচিত।’

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় ওয়ানডেটা তাই হয়ে গেছে সিরিজ নির্ধারণী। আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তৃতীয় ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা

শাহবাগ থানা চত্বরে ডাকসুর দুই নেতাকে মারধর

রাজশাহী-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বাড়ল ২০০ টাকা

শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে গণভোটের প্রচারের কোটি টাকা লুটপাটের অভিযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত