দক্ষিণ আফ্রিকার কোচ-ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

কেপটাউন টেস্টে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স ও ব্যাটার কাইল ভেরেইনাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁদের নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্টও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ওপেনার মার্কোস অ্যাকারমান আউটকে কেন্দ্র করেই ভেরেইনা-প্রিন্সের শাস্তির সূত্রপাত। মিচেল স্টার্কের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন অ্যাকারমান। অ্যাকারমান রিভিউ করতে চাইলেও ১৫ সেকেন্ড সময় পেরিয়ে যাওয়ায় আম্পায়াররা তা গ্রহণ করেননি।
অ্যাকারমান মাঠ ছাড়তে শুরু করলে প্রিন্স বারবার আম্পায়ারদের উদ্দেশে চিৎকার করেছিলেন বলে জানিয়েছে আইসিসি। ব্যাটিং কোচ জানিয়েছিলেন, রিভিউ নিতে তখনো সময় বাকি ছিল। অন্যদিকে অ্যাকারমানকে মাঠের ভেতরে থাকার পরামর্শ দিয়েছিলেন ভেরেইনা। একারণেই অ্যাকারমানের মাঠ ছাড়তে দেরি হয়েছিল। তবে ভেরেইনা মূল একাদশে ছিলেন না।
এই ঘটনায় আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন প্রিন্স ও ভেরেইনা। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করাতেই মূলত তিরস্কারের পাশাপাশি জুটেছে ডিমেরিট পয়েন্টও। গত ২৪ মাসে এটিই ছিল দুজনের প্রথম অপরাধ। তাই শাস্তির পাশাপাশি তাঁদের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।









-2d6cb2-256x144.webp)