Ajker Patrika

বিশ্বকাপের আগের দিনই চিন্তা বাড়ল ভারতের

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপের আগের দিনই চিন্তা বাড়ল ভারতের
বিশ্বকাপ শুরুর আগে দিন চিন্তা বাড়ল ভারতের। ছবি: ক্রিকইনফো

হার্দিক পান্ডিয়া মাটিতে বসে পড়লেন। রোহিত শর্মা দুহাত শূন্যে ছুঁড়ে উদযাপন করলেন। এই দুই লাইন দেখে অনেকেই বুঝতে পেরেছেন ২০২৪ সালের ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সেই মুহূর্তের কথা বলা হচ্ছে। সময়ের পরিক্রমায় আগামীকাল শুরু হচ্ছে আরও এক টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া বিশ্বকাপটি সূর্যকুমার যাদবের জন্য বিশেষ বলতেই হচ্ছে। যাঁর দুর্দান্ত ক্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত, এবার তাঁর নেতৃত্বে শিরোপা ধরে রাখার মিশনে নামবে দলটি। আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামছে ভারত-যুক্তরাষ্ট্র। এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই দুশ্চিন্তায় পড়েছে ভারত। চোটে পড়েছেন ভারতের অন্যতম সেরা পেসার হারশিত রানা। নাভি মুম্বাইয়ে পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ১ ওভার বোলিং করেই মাঠ ছেড়েছিলেন তিনি। পরে তাঁর ঊরুতে ব্যান্ডেজ পরানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসেছেন সূর্যকুমার। রানার চোট নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। সাংবাদিকদের সূর্যকুমার বলেন, ‘তার (রানা) অবস্থা ভালো না। তবে সে এখনো ছিটকে যায়নি। তার অবস্থা ফিজিওরা পর্যবেক্ষণ করছে। তবে আমার মনে হচ্ছে আজ আমরা নিশ্চিত হতে পারব যে কী ঘটতে যাচ্ছে।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১০.৬ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। ব্যাটিংয়েও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। যদি কোনো কারণে না খেলতে পারেন, তখন কী করবে ভারত? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সূর্যকুমার মজা করে বললেন, ‘চিন্তার কোনো কারণ নেই। আগামীকালের জন্য আমাদের ১১ ক্রিকেটার আছে।’

মজা করলেও রানার চোট যে ভারতের জন্য দুশ্চিন্তার কারণ, সেটা সূর্যকুমারের কথায় বোঝা গেছে। জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, রানা—এই তিন স্বীকৃত পেসার রয়েছেন ভারতের বিশ্বকাপ দলে। যদি রানা খেলেন, সে ক্ষেত্রে পেস বোলিংয়ে বুমরা, আর্শদীপের ওপর তো চাপ বাড়বেই। বাড়তি দায়িত্ব নিতে হবে দুই পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিবম দুবেকে। সূর্যকুমার আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘তবে এটা অবশ্যই বড় ধাক্কা। কারণ, ১৫ জনের দল যখন তৈরি করবেন, তখন অনেক ধরনের সমন্বয়ের কথা ভাবতে হয়। আমরাও এই চিন্তাভাবনা করে এগোচ্ছি। যদি সে না থাকে, তাহলে আমাদের অন্য সমন্বয়ের কথা ভাবতে হবে।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত, বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। রোহিতের পরিবর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার সামলাচ্ছেন সূর্যকুমার। আর ওপেনিংয়ে রোহিত যে ঝড় তুলতেন, এখন সেই জায়গাটা পোক্ত করেছেন অভিষেক শর্মা। ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মিডল অর্ডারে তিলক ভার্মা দলের অন্যতম ভরসার প্রতীক। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ২০২৫ এশিয়া কাপ জয়ের ম্যাচে ফাইনালসেরা হয়েছিলেন ভার্মা।

আগামীকাল বিশ্বকাপ শুরুর প্রথম দিন রয়েছে তিন ম্যাচ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই দিন কলকাতার ইডেন গার্ডেনসে মাঠে নামবে স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। আর ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি, ছাত্রদলে ১১ হল ভিপি ও জিএস

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

তবে কি এপস্টেইনই ছিলেন বিটকয়েনের রহস্যময় স্রষ্টা ‘সাতোশি’

চীনের হোটেলে গোপন ক্যামেরার বাণিজ্য, পর্নো সাইটে নিজেকে আবিষ্কার করছেন দর্শকেরা

পাঞ্জাবে ক্ষমতাসীন দলের আরেক নেতাকে গুলি করে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত