Ajker Patrika

বাংলাদেশ ম্যাচের রেকর্ড ভেঙে জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচে রেকর্ডের বন্যা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১১: ৩২
বাংলাদেশ ম্যাচের রেকর্ড ভেঙে জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচে রেকর্ডের বন্যা
৫৬ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। তাঁর এই ইনিংস জিম্বাবুয়ের হারের ব্যবধান কমালেও শারজায় গত রাতে রেকর্ডের বন্যা হয়েছে। ছবি: ক্রিকইনফো

শারজায় গত রাতে জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচের স্কোরকার্ড দেখেই অনেকে ধারণা করতে পেরেছেন, এ ম্যাচে রেকর্ডের বন্যা হয়েছে। রশিদ খানের ২০০ উইকেট, সিকান্দার রাজার সেঞ্চুরি, দুই ইনিংসেই ২০০—আরও কত কী! আর যাঁরা ম্যাচটা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, স্কোরকার্ডে আফগানিস্তানের ১৯ রানের জয় জয় যতটা আয়েশি দেখাচ্ছে, আসলে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাদের।

২০০ উইকেট থেকে কেবল এক উইকেট দূরে ছিলেন রশিদ। নবম ওভারের তৃতীয় বলে জিম্বাবুয়ের তাদিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লুর ফাঁদে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে রশিদ ২০০ উইকেটের কীর্তি গড়েন। শুধু তাঁর এই ‘ডাবল সেঞ্চুরি’ই নয়, শারজায় গত রাতে জিম্বাবুয়ে-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও অনেক রেকর্ড হয়েছে। তাতে পেছনে পড়ে গেছে ২০২৫ সালে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের একটি রেকর্ডও।

আফগানিস্তান-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ডের বন্যা

৪২৩ রান: আফগানিস্তান ৭ উইকেটে ২২১ রান করার পর জিম্বাবুয়ে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ২০২ রানে আটকে গেছে। দুই দলের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড এটা। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এক ম্যাচের সর্বোচ্চ রানও এটা। এর আগে এই রেকর্ডটি হয়েছিল বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচে। গত বছর শারজাতেই বাংলাদেশ-আরব আমিরাত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪১১ রান হয়েছিল। সেই ম্যাচে ৩৯.৫ ওভার খেলা হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের পাঁচ রেকর্ড। ছবি: ক্রিকইনফো
সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের পাঁচ রেকর্ড। ছবি: ক্রিকইনফো

৪০ বছর ১৮৮ দিন: শারজায় গত রাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন রাজা। ৪০ বছর ১৮৮ দিন বয়সী ‘বুড়ো’ জিম্বাবুয়ের ক্রিকেটার ৫৬ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। জিম্বাবুয়ের অধিনায়কের সেঞ্চুরিতে হারের ব্যবধানই কেবল কমেছে। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন রাজা। এর আগে এই কীর্তি গড়েছিলেন জিব্রাল্টারের অবিনাশ পাই। ২০২১ সালে বুলগেরিয়ার বিপক্ষে তিনি ৩৯ বছর ২৭২ দিন বয়সে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

১৪২ রান: আজমতউল্লাহ ওমরজাই-ইজাজ আহমদ আহমদজাই গত রাতে ষষ্ঠ উইকেটে ৫৯ বলে ১৪২ রানের জুটি গড়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ বা তার নিচের উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগে সর্বোচ্চ জুটির রেকর্ডটি ছিল আন্দ্রে রাসেল-শারফেন রাদারফোর্ডের। ২০২৪ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ষষ্ঠ উইকেটে তাঁরা ১৩৯ রান যোগ করেছিলেন।

২২১/৭: শারজায় গতকাল জিম্বাবুয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আগে ব্যাটিং পাওয়া আফগানিস্তান ৫ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে আফগানরা ৭ উইকেটে ২২১ রান করে ফেলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫ রানের কমে ৪ উইকেট হারানোর পর সর্বোচ্চ রানের রেকর্ড এখন আফগানিস্তানের। এর আগে এই কীর্তি ছিল ভারতের। ২০২৪ সালে বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে ভারত ২২ রানে ৪ উইকেট হারানোর পরও স্কোরবোর্ডে ২১২ রান তুলেছিল। ভারতের স্কোর হয়েছিল ৪ উইকেটে ২১২।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫ বা তার কমে চার উইকেট হারানোর পর সর্বোচ্চ রানের রেকর্ড এখন আফগানিস্তানের। ছবি: ক্রিকইনফো
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫ বা তার কমে চার উইকেট হারানোর পর সর্বোচ্চ রানের রেকর্ড এখন আফগানিস্তানের। ছবি: ক্রিকইনফো

১১৬ রান: জিম্বাবুয়ের বিপক্ষে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ওমরজাই ৫০ বলে ৫ চার ও ১২ ছক্কায় করেন ১১৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় নম্বর বা তার নিচে ব্যাটিংয়ে নেমে এটা তৃতীয় সর্বোচ্চ ইনিংস। এই তালিকায় সবার ওপরে আছেন বেলজিয়ামের শাহরিয়ার বাট। ২০২০ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১২৫ রান করে অপরাজিত থাকেন। ২০২৫ সালে সার্বিয়ার বিপক্ষে স্লোভেনিয়ার ইজাজ আলী করেন ১১৮ রান।

আফগানিস্তানের কাছে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে জিম্বাবুয়ে এরই মধ্যে সিরিজ খুইয়েছে। রাজার দল পরশু নামবে হোয়াইটওয়াশ এড়াতে। শারজায় বাংলাদেশ সময় পরশু রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত