
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আজ ভোরে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে পিটিআই। এক বিবৃতিতে তাঁর দল বলেছে, ‘সুপ্রিম কোর্টের আদেশের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’ তবে তিনি কত দিন সেখানে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়।
পিটিআই ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করে হাসপাতালে ভর্তির আবেদন জানিয়ে একটি পিটিশন দাখিল করেছিল। আদালত একটি বহুমুখী চিকিৎসা বোর্ডের মাধ্যমে তাঁর পরীক্ষা ও চিকিৎসার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সরকারকে তাঁর স্বাস্থ্যগত পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের কথা বলার পর আজই সেখানে নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের বেঞ্চের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছিল পাকিস্তান সরকার। কিন্তু অসম্পূর্ণ কাগজপত্রের কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় সেই আবেদন ফেরত দেয়। ইমরানকে তাঁর পছন্দের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া হলে তা বৈষম্যমূলক হবে বলে দাবি সরকারের। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সরকার কিছু সংশোধনীসহ নতুন পিটিশন এবং রেজিস্ট্রারের আপত্তির বিরুদ্ধে আবেদন করতে পারে।
এ বছরের ফেব্রুয়ারি থেকেই ইমরানের দল পিটিআই ও আইনজীবীরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। একপর্যায়ে তাঁর দল দাবি করেছিল, যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশে নেমে এসেছে। পরে তাঁকে ইসলামাবাদের সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে বেশ কয়েকবার অল্প সময়ের জন্য নেওয়া হয়েছিল।
চলতি বছরের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে ১৪ সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক একটি খোলাচিঠি লিখেছিলেন। তাঁরা ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়কের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সঠিক চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই অধিনায়কের মধ্যে ছিলেন গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার, কপিল দেবের মতো কিংবদন্তিরা।
২০২৩ সালের আগস্ট থেকে ইমরান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী রয়েছেন। দুর্নীতির অভিযোগে তাঁকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তিনি ও তাঁর দল এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বোর্ডিং হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকসহ অন্তত নয়জনের মৃত্যুর পর স্থানীয় পর্যটন খাতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতায় অবস্থানরত অনেক বাংলাদেশি পর্যটক তাঁদের নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশ
২৪ মিনিট আগে
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে দায়িত্ব পালন করা সাবেক এক জেনারেলকে যুদ্ধাপরাধসহ একাধিক গুরুতর অভিযোগে সিরিয়ার কাছে হস্তান্তর করেছে লেবানন। আসাদ সরকারের পতনের পর এই প্রথম কোনো সাবেক উচ্চপদস্থ সিরীয় সামরিক কর্মকর্তাকে লেবানন থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কাছে...
১০ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
১২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে দেশটির সামরিক বাহিনী বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র...
১৩ ঘণ্টা আগে