Ajker Patrika

বিশ্বকাপ থেকে বাদ পড়ে আইপিএলের দিকে তাকিয়ে কামিন্স

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৫৫
বিশ্বকাপ থেকে বাদ পড়ে আইপিএলের দিকে তাকিয়ে কামিন্স
সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কামিন্স। ছবি: সংগৃহীত

পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি প্যাট কামিন্সের। আপাতত চোট থেকে সেরে উঠার জন্য সব রকমের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে বাইশ গজে ফেরার আশায় আছেন তিনি।

গোড়ালির চোটের কারণে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাননি কামিন্স। এবার পিঠের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই অভিজ্ঞ ক্রিকেটারকে বিবেচনা করেনি সিএর নির্বাচকেরা। চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠবেন এই আশায় কামিন্সকে প্রাথমিক দলে রাখা হয়েছিল। বিশ্বকাপের মাঝপথে তাঁকে পাওয়ার আশায় ছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত কোনো পরিকল্পনাই কাজে আসেনি।

অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে দেখা গেছে কামিন্সকে। সবশেষ অ্যাশেজ সিরিজে পার্থ ও ব্রিসবেন টেস্টে মাঠে নামেননি তিনি। অ্যাডিলেড টেস্টের একাদশে থাকলেও অনিশ্চয়তা তৈরি হয় কামিন্সকে নিয়ে। শেষ দুটি ম্যাচ থেকে ছিটকে যান। তখনই টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সে শঙ্কাই এবার সত্যি হলো।

আইপিএলের পরবর্তী পর্ব শুরু হবে আগামী ২৬ মার্চ। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে সানরাইজার্সের হয়ে খেলবেন কামিন্স; দলটির অধিনায়ক তিনি। চোট থেকে সেরে উঠলেই কেবল হায়দরাবাদের হয়ে মাঠে নামতে পারবেন। আপাতত এত কিছু না ভেবে ইতিবাচক থাকছেন কামিন্স।

এএপিকে কামিন্স বলেন, ‘চোটের অবস্থা কী হয় সেটাই দেখার বিষয়। কয়েক সপ্তাহ পর আরেকটি স্ক্যান করা হবে। সেখানে ভালো ফল এলে ধীরে ধীরে ফেরার প্রক্রিয়া শুরু হবে। টি-টোয়েন্টি তো তুলনামূলকভাবে সহজ (টেস্টের তুলনায়)। সে জন্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার এতটা কাছাকাছি ছিলাম।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারায় নিজের অনুভূতি জানাতে গিয়ে কামিন্স বলেন, ‘এটা আমার জন্য সত্যিই দুর্ভাগ্যজনক (বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া)। সব কিছু ভালোই চলছিল। কিন্তু ছোট্ট একটি ধাক্কার পর সময় আর বেশি সময় ছিল না। এখন কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়ে এরপর আবার ছুটব (মাঠে)।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত