
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আগামী বছর জানুয়ারিতে এগিয়ে আনার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সময় পরিবর্তন হলে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) ও দক্ষিণ আফ্রিকার এসএ২০ অনুষ্ঠিত হওয়ায় বিদেশি খেলোয়াড়দের দলে পেতে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে পিএসএলকে।
১ সেপ্টেম্বর লন্ডনে পিএসএলের গভর্নিং কাউন্সিলের সভায় টুর্নামেন্টটি জানুয়ারিতে এগিয়ে আনার প্রস্তাব নিয়ে আলোচনা করেন পিসিবি ও আট ফ্র্যাঞ্চাইজির মালিকেরা। ক্রিকইনফোর খবর অনুযায়ী, প্রস্তাবটি দিয়েছে পিএসএলের মিডিয়া স্বত্বাধিকারী ওয়ালি টেকনোলজিস। এপ্রিল-মে সময়ে বিজ্ঞাপন থেকে প্রত্যাশিত আয় না পাওয়ার আশঙ্কা থেকেই মূলত এই উদ্যোগ।
২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত পিএসএলের প্রথম নয়টি আসর ফেব্রুয়ারি-মার্চে হয়েছে। কিন্তু ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি এবং চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে গত দুই মৌসুমে টুর্নামেন্টটি এপ্রিল-মে মাসে আয়োজন করতে হয়েছে পিসিবিকে। চলতি মৌসুমে আইপিএলের সঙ্গেও একই সময়ে হয়েছে পিএসএল।
আইপিএলের সঙ্গে একই সময়ে আয়োজনের একটি সুবিধা অবশ্য পেয়েছে পিএসএল—বিদেশি খেলোয়াড়দের প্রায় পুরো টুর্নামেন্টজুড়ে পাওয়া গেছে। আগের মৌসুমগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে একই সময়ে চলা টি-টোয়েন্টি লিগগুলোর কারণে খেলোয়াড় পাওয়া নিয়ে সমস্যা হতো। জানুয়ারিতে ফিরলে সেই সমস্যাই আবার সামনে আসবে।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিগ ব্যাশ ও এসএ২০ চলায় আন্তর্জাতিক খেলোয়াড়দের দলে পেতে তিন লিগের মধ্যে প্রতিযোগিতা তৈরি হবে। ফলে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিদেশি ক্রিকেটার পাওয়া ও চুক্তির বিষয়টি আরও সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।
আবার জানুয়ারিতে পিএসএল আয়োজনের ক্ষেত্রে আবহাওয়াও বড় চ্যালেঞ্জ। লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডি—পিএসএলের চারটি ঐতিহ্যবাহী ভেন্যুর তিনটিই পাঞ্জাবে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সেখানে তীব্র শীতের পাশাপাশি মাত্রাতিরিক্ত কুয়াশা থাকে। সূর্যাস্তের পর তাপমাত্রা এক অঙ্কের ঘরেও নেমে আসতে পারে।
এ কারণে টুর্নামেন্টটি করাচি থেকে শুরু করার প্রস্তাব এসেছে। শীতকালে করাচির আবহাওয়া তুলনামূলকভাবে নাতিশীতোষ্ণ থাকায় সেখানে শুরু করে পরে শীত কমলে পাঞ্জাব ও পেশোয়ারে ম্যাচ নেওয়ার পরিকল্পনা করা হতে পারে।
সূচির দিক থেকে জানুয়ারিতে পিএসএল আয়োজনের সুযোগ অবশ্য রয়েছে পাকিস্তানের সামনে। নভেম্বরের মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ নির্ধারিত নেই। অক্টোবর ও নভেম্বরে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার পর মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা রয়েছে তাদের।

বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় করার স্মৃতি এখনো তরতাজা আরলিং হালান্ডের মনে। সেই ম্যাচে জোড়া গোল করে নরওয়ের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই তারকা স্ট্রাইকার। এবার সেই জয় নিয়ে কথা বলতে গিয়ে ব্রাজিলকে হারানোর জন্য মজার ছলে দুঃখ প্রকাশ করলেন তিনি।
৩ মিনিট আগে
বাজে পারফরম্যান্সের পর বড় রদবদল—সব মিলিয়ে বেশ অস্থিরতা ছিল পাকিস্তান দলে। এবার বাবর আজমের দলে সেই অস্থিরতা আরও বেড়ে গেল। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে ক্রিকেটারদের মোবাইল ফোন জিম্মায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ৩৬৫ নিউজ।
৪৩ মিনিট আগে
বুন্দেসলিগায় দীর্ঘদিনের গোল-উৎসব থামল বায়ার্ন মিউনিখের। নতুন করে জার্মান শীর্ষ লিগে ওঠা শালকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভিনসেন্ট কোম্পানির দল। এর ফলে ১৮ মাসেরও বেশি সময় পর প্রথমবার বুন্দেসলিগার কোনো ম্যাচে গোল করতে পারল না জার্মানির পরাশক্তিরা।
২ ঘণ্টা আগে
মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
৩ ঘণ্টা আগে