সূর্যবংশীকে ডাবল সেঞ্চুরির টোটকা দিয়েছেন কে

২৮ ছক্কা ও ৭ চার! শুধু বাউন্ডারি থেকেই এসেছে ১৯৬ রান। এককথায় অবিশ্বাস্য! কাতারের দোহায় গতকাল দানবীয় এক ইনিংস খেলার পর ক্রিকেটবিশ্বে এখন আলোচনার কেন্দ্রে বৈভব সূর্যবংশী। রেকর্ড গড়া ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলার রহস্য নিজেই জানিয়েছে এই তরুণ ব্যাটার।
ম্যাচের আগে নিজের আদর্শ যুবরাজ সিংয়ের কাছ থেকে নিয়েছিল ব্যাটিংয়ের টোটকা। কথা হয়েছে ব্যাটিংয়ের নানা খুঁটিনাটি বিষয় নিয়েও। সেই পরামর্শই কাজে লাগিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে।
গতকাল দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলা এই ইনিংসে একাধিক রেকর্ড গড়েছেন সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ৫২ বলে দুই শ ছুঁয়েছেন ১৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। ভেঙেছেন দ্রুততম সেঞ্চুরি ও দেড় শ রানের রেকর্ডও। এর আগে দ্রুততম দেড় শ রানের রেকর্ডটিও ছিল তাঁর দখলে। এই ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯০, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরি করা কোনো ব্যাটারের সর্বোচ্চ। এ ছাড়া এক ইনিংসে ২৮টি ছক্কা মেরেও গড়েছেন নতুন রেকর্ড।
তবে এমন অবিশ্বাস্য ইনিংস খেলার আগে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না সূর্যবংশীর। টানা কয়েকটি ম্যাচে রান পাচ্ছিলেন না তিনি। সেই রানখরা কাটাতে নিজের আদর্শ যুবরাজ সিংয়ের পরামর্শ নেন এই তরুণ। ব্যাটিংয়ের নানা খুঁটিনাটি বিষয়ও জেনে নেন তাঁর কাছ থেকে। তবে দোহায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে উইকেট দেখার পর নিজের স্বাভাবিক খেলাতেই আস্থা রাখেন সূর্যবংশী। যার চিত্র দেখা গেছে তাঁর রেকর্ড গড়া ইনিংসে।
বিসিসিআইয়ের ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রস্তুতি ও যুবরাজের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা জানিয়েছেন সূর্যবংশী। তিনি বলেন, ‘ম্যাচের আগে মাত্র চারজনের সঙ্গে কথা বলেছিলাম। অবশ্যই প্রতিবারের মতো বাবার সঙ্গে কথা হয়েছে। এরপর আমার ছোটবেলার কোচ মনীশ ওঝা। আর আমার এক বন্ধু, যে অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে আমার সঙ্গে আছে। তার নাম প্রথম জাচক। চতুর্থজন যুবরাজ স্যার। তাঁর সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেছি।’
যুবরাজের কাছ থেকে পাওয়া পরামর্শের বিষয়ে সূর্যবংশী বলেন, ‘তিনি আমার ব্যাটিংয়ের অনেক বিষয় বুঝিয়ে দিয়েছেন। আমি খুব চিন্তিত ছিলাম বলে তাঁর সঙ্গে খোলামেলাভাবে কথা বলেছি। বলেছি, ব্যাটিংয়ে নামার সময় এই সমস্যাগুলো হচ্ছে। তিনি প্রায় আধা ঘণ্টা ধরে সবকিছু বুঝিয়েছেন। বিশেষ করে বলেছেন, “তুমি যদি ২০ বল খেলতে পারো, তাহলে দলের স্কোর অন্য রকম হবে।” ব্যাটিংয়ের অনেক টেকনিক্যাল বিষয়ও বলেছেন। সবকিছুই আমাকে অনেক সাহায্য করেছে।’
সূর্যবংশী নিজের আদর্শ মানেন যুবরাজকেই। তাই তাঁর কাছ থেকে পাওয়া পরামর্শগুলো গুরুত্ব দিয়ে অনুসরণ করেছেন তিনি। এ প্রসঙ্গে এই তরুণ বলেন, ‘তিনি আমার আদর্শ। নিজের আদর্শের সঙ্গে কথা বললে তাঁর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। আমিও সেভাবেই শুনেছি। তিনি আমার ব্যাটিং নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নির্দিষ্ট পরামর্শ দিয়েছেন। এরপর ফিরে নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখেছি। বুঝতে পেরেছিলাম, কোথায় ভুল করছিলাম। আগের দিন সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি। তিনি যা বলেছিলেন, সেভাবেই খেলার চেষ্টা করেছি। এতে অনেক উপকার হয়েছে।’









