Ajker Patrika

বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ অনুসন্ধান করবে ক্রীড়া মন্ত্রণালয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ অনুসন্ধান করবে ক্রীড়া মন্ত্রণালয়
বিসিবির তদন্ত প্রতিবেদন আইসিসির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আমিনুল হক। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেলেও বাংলাদেশ ছাড়াই হয়েছে বিশ্বকাপ। সরকারি সিদ্ধান্তেই ভারতে মূলত বিশ্বকাপ খেলার অনুমতি পায়নি বাংলাদেশ। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বারবার একই কথা বলেছিলেন। কেন বাংলাদেশ আইসিসির ইভেন্টে খেলার সুযোগ পেল না, সেটার তদন্ত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার থেকেই ঘটনার সূত্রপাত। ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে অনেক অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আইসিসি ও স্বাগতিক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনোভাবেই রাজি হয়নি। এর পেছনের কারণ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন আমিনুল। মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আজ তিনি বলেন, ‘আমরা কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে ইনশা আল্লাহ পদক্ষেপ নেওয়া হবে। কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ হয়েছে, কিন্তু আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে, সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি। কিন্তু কেন এটি হয়েছে,সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে।’

আমিনুল হক আরও বলেন, ‘পরবর্তীতে যে কেন আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, কেন আমাদের কোথায় সমস্যা ছিল বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল, সেই বিষয়গুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে পরবর্তীতে আসলে আমি এগুলো প্রতিবেদন আকারে ক্রিকেট বোর্ড এবং যাঁরা এটার সঙ্গে জড়িত ছিলেন তাঁদের কাছে থেকে আমি অবশ্যই চাইব।’

রমজান শেষে শুক্র বা শনিবার হতে পারে ঈদুল ফিতর। বিশ্বকাপ ইস্যু নিয়ে ঈদের পর সবকিছু খোলাসা করা হবে বলে জানিয়েছেন আমিনুল। এরই মধ্যে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সঙ্গে কথাবার্তাও হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে আমাদের কোয়াবের মিঠুনের নেতৃত্বে একটি ক্রিকেটের টিম আমার কাছে এসেছিল। আমি তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁদের কথাগুলো শুনেছি। যেহেতু আমাদের একটি রমজান মাস চলমান রয়েছে—আমরা ঈদের পরে কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে ইনশা আল্লাহ পদক্ষেপ নেব।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের তদন্তে ৫ সদস্যের স্বাধীন কমিটি কদিন আগে গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিষদের এই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। তারা জানিয়েছে, এই তদন্ত কমিটির কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে গেছে। এ ব্যাপারে আমিনুল হক বলেন, ‘আমার কাছে মনে হয় যে আমরা তদন্ত প্রতিবেদনটি দেখি। আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞা আসতে পারে কি না সে ব্যাপারে আপনারা আসলে বিবেচনা করবেন কি না—আইসিসির সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত