পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চোখের পরীক্ষা ও রক্তচাপজনিত সমস্যার চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরানকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাঁর চোখ পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ইমরানের রক্তচাপজনিত কিছু সমস্যা দেখা দিয়েছিল।
মঙ্গলবার রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ‘তাঁর (ইমরান) রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল। গত রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তাঁকে আবার কারাকক্ষে পাঠানো হয়েছে।’
ইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ৭৪ বছর বয়সী ইমরানকে গত আগস্টের পর এবারই প্রথম চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলো। গত আগস্টেও তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে সেবার চিকিৎসা শেষ হওয়ার আগেই ইমরানকে কারাগারে ফিরিয়ে দেওয়া হয়।
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত হন ইমরান। তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে দেওয়া একটি রায় ছাড়া বাকি সব দণ্ড স্থগিত অথবা বাতিল হয়েছে। এসব মামলার আপিল এখনো বিচারাধীন। ইমরান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এদিকে ইমরান খান ও তাঁর স্ত্রীর সঙ্গে আইনজীবীদের দেখা করার সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। ইমরানের দল এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে, ইমরানের দলের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও মঙ্গলবার লাহোরের একটি কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।










