Ajker Patrika

বেথেলের তাণ্ডবে ‘আতঙ্কিত’ হয়ে পড়েছিল ভারত

ক্রীড়া ডেস্ক    
বেথেলের তাণ্ডবে ‘আতঙ্কিত’ হয়ে পড়েছিল ভারত
৪৮ বলে ১০৫ রানের ইনিংস খেলেও ইংল্যান্ডকে জেতাতে পারেননি জ্যাকব বেথেল। ছবি: ক্রিকইনফো

একপ্রান্ত থেকে উইকেট পড়ছে। আরেকদিকে ওভারপ্রতি রান তোলার পাহাড়সম চাপ। তবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গত রাতে জ্যাকব বেথেলকে দেখে সেটা কি বোঝার উপায় ছিল। জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া—যাঁকেই পেয়েছেন, তাঁকেই বেধড়ক পিটুনি দিয়েছেন বেথেল। শেষ পর্যন্ত বেথেলের সেঞ্চুরি বৃথা গেলেও ভারতীয়দের মনে ভয়ই ধরিয়ে দিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার।

ভারতের দেওয়া ২৫৪ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড ৪.১ ওভারে ২ উইকেটে ৩৮ রানে পরিণত হয়। সেই ওভারের প্রথম বলে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে (৭) ফেরান বুমরা। চার নম্বরে নেমে বেথেল নিজের মুখোমুখি হওয়া প্রথম বলে ডট দেন। ঠিক তার পরের বলে বুমরাকে শর্ট ফাইন লেগের ওপর দিয়ে ছক্কায় শুরু বেথেলের। ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার এরপর ষষ্ঠ ওভারের প্রথম তিন বলে তিনটি ছক্কা মেরেছেন বরুণ চক্রবর্তীকে।

বিধ্বংসী শুরুর পর বেথেল তাঁর তাণ্ডবলীলা অব্যাহত রাখেন। ওভারপ্রতি ১৪-১৫ রান করে ইংল্যান্ডের দরকার পড়লেও তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এক সময় জয়ের প্রবল সম্ভাবনা তৈরি হয়। ৪৫ বলে বেথেল তুলে নেন তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১৯তম ওভারের প্রথম বলে হার্দিককে লং অফ দিয়ে ছক্কা মারেন বেথেল। অক্ষর প্যাটেল ডান দিকে হাত বাড়িয়ে বল থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটা সীমানার ওপাড়েই পড়েছে।

তিন অঙ্ক ছোঁয়ার পর বেথেল হেলমেটটা খুলে ব্যাটটা শুধু উঁচিয়ে ধরেছেন। কিন্তু কোনো উদযাপন করেননি। কারণ, তিনি যে ম্যাচ শেষ করার ধনুকভাঙা পণ করেছিলেন। বেথেলের সেঞ্চুরির পর শেষ ১১ বলে ৩২ রানের সমীকরণের সামনে এসে পড়ে ইংল্যান্ড। এরপর শেষ বল পর্যন্ত খেলেও ইংলিশরা ম্যাচটা হেরে যায় ৭ রানে। ইংল্যান্ডের ২৪৬ রানের মধ্যে বেথেল একাই করেছেন ১০৫ রান। ৪৮ বলের ইনিংসে ৮ চার ও ৭ ছক্কা মেরেছেন। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেঞ্চুরি করেও তাই পরাজিত দলে থেকে গেলেন ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার।

৭ রানে ম্যাচ জিতেও ভারত খুব একটা স্বস্তিতে ছিল না বলে জানিয়েছেন সঞ্জু স্যামসন। ম্যাচ শেষে ভারতের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘টি–টোয়েন্টি ক্রিকেট এখন অন্য এক লেভেলে চলে গেছে। জানতাম তারা (ইংল্যান্ড) পাওয়ার প্লেতে বেশ আক্রমণাত্মক খেলবে। কিন্তু যখন সে সময়ে ৩ উইকেট পড়ে গেল, তখন মনে করেছিলাম ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু যেভাবে বেটেল ব্যাটিং করল, তখন মনে হচ্ছিল ইংল্যান্ড জিততেও পারে। ওভারপ্রতি তাদের ১৩ রান করে দরকার ছিল। প্রত্যেক ওভারে দুটি করে বাউন্ডারি মারছিল।’

বেথেলের ব্যাটিং দেখে ভাষা হারিয়ে ফেলেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ইংলিশ বাঁহাতি ব্যাটারের হার না মানা ইনিংসের প্রশংসা করে ব্রুক বলেন, ‘অবিশ্বাস্য। সে তখন আলাদা এক জগতে ছিল। মনে হচ্ছিল সে প্রত্যেকটা বলই ছক্কা মারতে পারবেন। আজ (গতকাল) রাতে সে তেমনই এক ইনিংস খেলেছে।’

টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত যে ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করেছে, সেটা ইংল্যান্ডের পিচ্ছিল ফিল্ডিংয়ের কারণেই হয়েছে। ব্যক্তিগত ১৫ রানে একবার জীবন পেয়েছেন সঞ্জু স্যামসন। জফরা আর্চারের বলে মিড অনে ক্যাচ মিস করেন হ্যারি ব্রুক। ৪৩ বলে ৮ চার ও ৭ ছক্কায় করেছেন ৮৯ রান। ভারতের ৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন স্যামসন। তাঁর ক্যাচ মিস করার আক্ষেপ করেছেন ইংল্যান্ড অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত