Ajker Patrika

৩৪ বছরে ৩ ম্যাচসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যুতে আরও যা যা হয়েছে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১১: ৫৯
৩৪ বছরে ৩ ম্যাচসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যুতে আরও যা যা হয়েছে
ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকে তেমন একটা পরিচিত নয় বললেই চলে। হবে কী করে? ৩৪ বছরে যে মাঠে সর্বসাকল্যে হয়েছে তিনটি আন্তর্জাতিক ম্যাচ, সেটাকে অচেনা বললেও যেন কম বলা হয়।

ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে।তবে সে ম্যাচে সর্বসাকল্যে হয়েছিল দুই বল। চলে গিয়েছিল বৃষ্টির পেটে। এমনকি বৃষ্টির বাগড়ায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ২০ ওভার আনা হলেও কোনো লাভ হয়নি। যেহেতু দুই বল খেলা হয়েছে, তাহলে এটাকে আন্তর্জাতিক ম্যাচ ধরতেই হবে। যদি পূর্ণাঙ্গ ম্যাচের হিসেব করা হয়, তাহলে হয়েছে দুটি। সেই দুটিও ওয়ানডে। গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে হয়েছে এই দুই ম্যাচ।

এ তো গেল ম্যাকেতে আন্তর্জাতিক ক্রিকেটের হিসেব। প্রতিযোগিতামূলক ক্রিকেটের অন্যান্য সংস্করণ প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’, টি-টোয়েন্টির দিকে একটু চোখ বুলানো যাক। সব মিলিয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে হয়েছে ২০ ম্যাচ। কোনো টি-টোয়েন্টি এখন পর্যন্ত হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটের ১২ ম্যাচ ও প্রথম শ্রেণির ক্রিকেটের ৫ ম্যাচ মাঠে গড়িয়েছে।

প্রথম শ্রেণির ম্যাচ সর্বপ্রথম ম্যাকেতে হয়েছে ১৯৯৫ সালের নভেম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিল কুইন্সল্যান্ড। তখন এই স্টেডিয়ামের নাম ছিল হ্যারাপ পার্ক। এমনকি দীর্ঘ ২০ বছর পর যে এখানে আরেকটি প্রথম শ্রেণির ম্যাচ হয়েছে, তখনো হ্যারাপ পার্কই ছিল। ২০১৫ শেফিল্ড শিল্ডে মুখোমুখি হয়েছিল কুইনসল্যান্ড-নিউ সাউথ ওয়েলস।

লাল বলের ক্রিকেট যে তেমন একটা ম্যাকেতে হয় না, সেটার বড় প্রমাণ দীর্ঘ বিরতিতে এই স্টেডিয়ামে বড় সংস্করণের ম্যাচ আয়োজন। ২০২৩ সালে অস্ট্রেলিয়া ‘এ’-নিউজিল্যান্ড ‘এ’, কুইনসল্যান্ড-ভিক্টোরিয়া—এই দুটি প্রথম শ্রেণির ক্রিকেট হয়েছে। সবশেষ লাল বলের ক্রিকেটের ম্যাচ হয়েছে ২০২৪ সালের অক্টোবর-নভেম্বরে। সেই প্রথম শ্রেণির ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে ভারত ‘এ’। লাল বলের ক্রিকেটের শেষ তিন ম্যাচ যখন হয়েছে, তখন নাম ছিল গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে।

প্রথম শ্রেণির ক্রিকেটের অনেক আগে থেকেই ম্যাকেতে লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচ হয়। ১৯৮৮ সালে সর্বপ্রথম কুইনসল্যান্ড-পাকিস্তানিজ ম্যাচ দিয়ে সাদা বলের এই সংস্করণের ম্যাচ মাঠে গড়িয়েছে। সেবার এই দুই দল খেলেছিল দুটি লিস্ট ‘এ’ ম্যাচ। একটিতে জিতেছিল কুইনসল্যান্ড। অপরটিতে পাকিস্তানিজ জয় পেয়েছিল।

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের দুটি ওয়ানডেও লিস্ট ‘এ’র অন্তর্ভুক্ত। এর বাইরে হিসেব করলে সবশেষ লিস্ট ‘এ’ এই মাঠে হয়েছে ২০২৩ সালে। সেই ম্যাচে কুইনসল্যান্ডকে ১৯ রানে হারায় ভিক্টোরিয়া।

২২ আগস্ট ম্যাকেতে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া ম্যাচটির আগে অস্ট্রেলিয়া চাইলে অতীত পরিসংখ্যান তাকাতে পারে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ওয়ানডে খেলে অস্ট্রেলিয়া একটিতে জিতেছে ২৭৬ রানে। তৃতীয় ওয়ানডেতে ৪৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে যায় ১৫৫ রানে। এই ম্যাচ জিতে মূলত অজিরা এড়িয়েছে ধবলধোলাই।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া হারে ৮৪ রানে। তাতেই মূলত অজিরা সিরিজ খুইয়ে ফেলে। পরিসংখ্যানগত দিক থেকে অজিরা নিজেদের অপয়া ভাবলেও আরেক দিক থেকে ভাগ্যবান মনে করতে পারে। এই মাঠে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে দুটিতেই সেঞ্চুরি করেছেন ম্যাট রেনশ। যাঁকে আবার দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হয়েছে জ্যাক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে।

এমনকি রেনশ গ্রেট ব্যারিয়ার অ্যারেনাতে দুটি প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করে দুটিতেই ম্যাচসেরা হয়েছেন।২০১৫ সালে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে কুইনসল্যান্ডের জার্সিতে করেন ১৭০ রান। ৮ বছর পর ভিক্টোরিয়ার বিপক্ষে খেলেন ১৩৫ রানের ইনিংস। এবারও এই বাঁহাতি ব্যাটার খেলেন কুইনসল্যান্ডের হয়ে।

অস্ট্রেলিয়াকে ডারউইনে হারালেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চারে। শান্তর দলের সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। অস্ট্রেলিয়ারও অবস্থানের পরিবর্তন হয়নি। ৭৭.৭৮ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অজিরা। ম্যাকেতে ২২ আগস্ট শুরু হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশের জন্য নিজেদের ইতিহাসকে আরও একটু সমৃদ্ধ করার হাতছানি। দ্বিতীয় টেস্ট জিতলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্টে ধবলধোলাই করবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত