
এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ইনিংস হারের শঙ্কা এড়িয়ে এখন লড়াইয়ের পুঁজি পেয়েছে পাকিস্তান। সফরকারীদের আশা বাঁচিয়ে রাখার অন্যতম কারিগর অভিষিক্ত রাজাউল্লাহ। ৯ নম্বরে নেমে মাত্র ৬৩ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি।
প্রথম ইনিংসে ৩২০ রানে পিছিয়ে থাকার পর পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই দুই ব্যাটারকে হারিয়ে বসে তারা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চার ফিফটিতে ৪৪৯ রান করেছে পাকিস্তান। জয়ের জন্য ইংল্যান্ডকে ১৩০ রানের লক্ষ্য দিয়েছে বাবর আজমের দল। শান মাসুদের (৯৫) ব্যাট থেকে সর্বোচ্চ রানের ইনিংস এলেও পাকিস্তান স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড় করাতে পেরেছে রাজাউল্লাহর ঝোড়ো ইনিংসের সুবাদেই।
রাজাউল্লাহর এমন ইনিংসের পেছনে ছিল ভয়কে দূরে সরিয়ে পরিস্থিতি উপভোগ করার মানসিকতা। জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জশ টংয়ের মতো পেসারদের শর্ট বলেও বিচলিত হননি তিনি। বরং নিজের শক্তির ওপর আস্থা রেখে আক্রমণাত্মক ব্যাটিং করে গেছেন।
রাজাউল্লাহ বলেন, ‘কোন বলগুলোতে স্লগ করব, সেটা বেছে নিচ্ছিলাম। কিন্তু সব বলই আমার নাগালের মধ্যে মনে হচ্ছিল। আমি যতটা সম্ভব ইনিংসটা গভীরে নিয়ে যেতে চেয়েছিলাম। গতির ব্যাপারে আমি ভয় পাইনি। আর্চারের হার্ড লেংথের বলগুলোকে শাস্তি দিতে চেয়েছিলাম। দেশের হয়ে খেললে ভয় পাওয়ার কিছু নেই। আমি শুধু নিজেকে উপভোগ করছিলাম।’
রাজাউল্লাহর এই আত্মবিশ্বাসের আরেকটি কারণ ছিল শর্ট বলের প্রতি স্বাভাবিক স্বাচ্ছন্দ্য। অভিষিক্ত এই ক্রিকেটারের কাছে শর্ট বলই সবচেয়ে পছন্দের। নিজের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘শর্ট বল মোকাবিলা করাই আমার সবচেয়ে পছন্দ। আমি শুধু নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম। ভেবেছিলাম, ৫০টি বল খেলতে পারলে ইতিবাচক কিছু একটা হবে। সৌভাগ্যক্রমে সেটাই হয়েছে।’
রাজাউল্লাহর ব্যাটিং শুধু পাকিস্তানকে ম্যাচে টিকিয়েই রাখেনি, অভিষেকেই তাঁকে রেকর্ডের পাতায়ও তুলে দিয়েছে। ৯ ছক্কা মেরে টেস্ট অভিষেকে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে যৌথভাবে নাম লিখিয়েছেন তিনি। এর আগে বল হাতে ইংল্যান্ডের প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার।
পরে নিজের ব্যাটিংয়ের অভিজ্ঞতা নিয়ে রাজাউল্লাহ বলেন, ‘দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন জানানোটা আমি উপভোগ করেছি। আমি জীবনকে উপভোগ করতে পছন্দ করি এবং মুহূর্তটা উপভোগ করছিলাম।’

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর পাকিস্তান ক্রিকেটের দীর্ঘদিনের সংকট আবারও সামনে এসেছে। এই পতনের পেছনে দীর্ঘদিনের অবহেলাকেই বড় কারণ বলে মনে করছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তাঁর মতে, সমস্যাগুলো যখন সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি, তখন এমন পতন হওয়াটাই স্বাভাবিক ছিল।
৬ মিনিট আগে
আমেরিকানদের লম্বা সময়ের এই সাফল্য-বন্ধ্যত্ব ঘোচানোর খুব কাছাকাছি বেন শেলটন। আজ ইউএস ওপেনের ফাইনাল জিতলেই দুই যুগের বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটবে আমেরিকানদের। ফাইনালে তাঁর সামনে বাধা জার্মানির আলেক্সান্দার জভেরেভ।
১ ঘণ্টা আগে
মাত্র ৬৩ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাজাউল্লাহ। তাঁর ইনিংসে ছিল নয়টি ছক্কা। এটা ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। টেস্টে অভিষেকে সমান ছক্কা মেরেছিলেন বেন স্টোকস।
১ ঘণ্টা আগে
ছয় গোলের রোমাঞ্চকর লড়াই, শেষ মুহূর্তে সমতা। এর মধ্যেই ম্যাচের আলো কেড়ে নিল একটি কাঠবিড়ালি। মেজর লিগ সকারে (এমএলএস) শনিবার রাতে টিকিউএল স্টেডিয়ামে এফসি সিনসিনাটি ও শার্লট এফসির ৩-৩ ড্রয়ের ম্যাচে মাঠে ঢুকে পড়ে প্রাণীটি। তাতে কিছুক্ষণের জন্য থমকে যায় খেলা, গ্যালারির দর্শকদের মনোযোগ চলে যায় অপ্রত্যাশিত
২ ঘণ্টা আগে