Ajker Patrika

‘ভাঙার মতো রেকর্ড করতে চাইনি’

খেলা ডেস্ক
‘ভাঙার মতো রেকর্ড করতে চাইনি’

প্রশস্ত ও শিথিল হাসি, ঢিলেঢালা স্টাইলে দৌড়াতে দেখে প্রায়ই মনে হতো বিশ্বের দ্রুততম মানুষ হিসেবে প্রতিযোগিতায় নয়, পার্কে দৌড়াচ্ছেন উসাইন বোল্ট। দৌড়ের মাঝেও ক্যামেরায় তাকিয়ে হাসি দেওয়ার মতো সময় খুব কম স্প্রিন্টারই পায়। এ ক্ষেত্রেও বোল্ট অনন্য।

২০১৬ সালের রিও অলিম্পিকে ১০০ মিটার ইভেন্টে সেমিফাইনালে লাইনের কাছে পৌঁছানোর সময়ের এই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবার ট্র্যাকে পা রাখতেই এমন দ্যুতি ছড়িয়েছেন এ জ্যামাইকান।

অন্যরা যেখানে রেকর্ড ছোঁন, সেখানে বোল্ট আলাদাই বলা যায়। রেকর্ডগুলোই যেন বোল্টের পায়ে এসে লুটিয়েছে। স্প্রিন্টার বোল্টের সাফল্যের তালিকা বেশ লম্বা। অলিম্পিকে রয়েছে তাঁর আটটি স্বর্ণপদক। অলিম্পিকের ইতিহাসে বিশ্বের প্রথম দৌড়বিদ হিসেবে টানা তিন আসরে ১০০ মিটার ও ২০০ মিটারে স্বর্ণপদক জিতেছেন এ গতিদানব। ১০০ মিটার, ২০০ মিটার ও ৪x১০০ মিটার রিলে দৌড় বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর স্বর্ণ ১১টি। তাঁর এই রেকর্ডের ধারেকাছেও কেউ নেই।

বোল্ট যেন জেনেবুঝেই এমন রেকর্ড করেছেন, যা কেউ ভাঙতে পারবে না। তাঁর বয়ানে, ‘এমন রেকর্ড আমি করতে চাইনি, যা যে কেউ ভেঙে ফেলতে পারবে।’

২০১৭ সালে ৩১ বছর বয়সে অবসরে যান বোল্ট। সিএনএন স্পোর্টসকে দেওয়া এক স্বাক্ষাৎকারে বোল্ট বলেন, ‘স্প্রিন্টে আমি বছরজুড়ে আধিপত্য দেখিয়েছি। বিশ্বের দ্রুততম মানুষ হিসেবে আমি গর্বিত। পরপর তিনটি অলিম্পিকে সাফল্য ধরে রাখার পেছেনে আমার অনেক ত্যাগ আছে। তবে স্বর্ণপদক পেয়ে আমি সবচেয়ে বেশি গর্বিত।’

বোল্ট আরও বলেন, ‘অনেকেই বলতে পারেন- আমি একজন প্রাক্তন বিশ্ব রেকর্ডধারী। তবে এমন লোক খুব বেশি নেই, যারা বলতে পারেন-“আমি টানা তিনটি অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছি।”’

ফাস্টফুডে আগ্রহ

এত স্বর্ণপদক ও রেকর্ডের অধিকারী হলেও কখনো ফাস্টফুড ছাড়েননি উসাইন বোল্ট। ২০১৩ সালে নিজের আত্মজীবনী ‘ফাস্টার দ্যান লাইটনিং’ এ তিনি লিখেছেন ২০০৮ সালের অলিম্পিকে বেইজিং থাকাকালে ১০ দিনে তিনি ম্যাকডোনাল্ডের ১০০০ মুরগির নাগেট খেয়েছেন। প্রতিদিন এই ৫,০০০ক্যালোরি এবং ৩০০ গ্রাম ফ্যাট তাকে তিনটি স্বর্ণপদক এবং তিনটি বিশ্ব রেকর্ড করার শক্তি জুগিয়েছে।

ফাস্টফুড খেলেও অবসর নেওয়ার তিন-সাড়ে তিন বছর পরেও বোল্ট তাঁর স্বাস্থ্য ধরে রেখেছেন। ক্রীড়াবিদরা অনেক সময়ই ফিটনেস ধরে রাখার চিন্তায় পছন্দের খাবার বর্জন করেন। চাইলেও পরিমিত পরিমাণে খেতে হয়। বিশেষ করে, প্রতিদিন কয়েক ঘন্টা অনুশীলন না করলে ফিটনেস হারানোর আশঙ্কা থাকে। নিজেকে সুস্থ রাখতেও হাঁটাচলার মতো কিছু ব্যায়াম করা দরকার। সুস্থ থাকতে তিনিও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

অবসরে কেমন আছেন বোল্ট?

অবসরে যাওয়ার পর গত ৪ বছরে বোল্টের জীবন অনেকটাই বদলে গেছে। ২০২০ সালের মে মাসে তাঁর সঙ্গী কাসি বেনেটের কোলজুড়ে কন্যা সন্তান আগমনের মাধ্যমে প্রথমবারের মতো বাবা হন বোল্ট। অলিম্পিক বোল্টের জীবনকে বদলে দিয়েছে বলে নিজের সন্তানের নামও দিয়েছেন অলিম্পিয়া লাইটনিং বোল্ট। বোল্ট এখন দিনের বেশিরভাগ সময় অলিম্পিয়া এবং কাসির সাথেই কাটান। একই সাথে শরীরচর্চা, নতুন স্পনসরদের সাথে কাজও চালিয়ে যাচ্ছেন। সবমিলে অবসর বেশ উপভোগ করছেন বলেও জানান বোল্ট।


২০০০ সালে সিডনি অলিম্পিকের দুই দশক পরে এবারই প্রথম ট্র্যাকে দেখা যাবেনা এ দৌড়বিদকে। ভবিষ্যতে দর্শক হিসেবে অলিম্পিক দেখবেন বলে তিনি বেশ উচ্ছ্বসিত। এ পর্যন্ত অলিম্পিক গেমসে সাঁতার, সকারসহ তেমন কোন ইভেন্টই তৃপ্তিমত দেখতে না পারার আক্ষেপ আছে তাঁর। তাই ভবিষ্যতে সত্যিকার ভক্তের মতো অলিম্পিকের ইভেন্টগুলো দেখার সুযোগ পাবেন বলে আনন্দ প্রকাশ করেন।

বোল্ট অ্যাথলেটিকস থেকে সরে এসেছেন, এখন কে হবেন নতুন প্রজন্মের সবচেয়ে দ্রুতগতির স্প্রিন্টার? করোনার কারণে টোকিও অলিম্পিক স্থগিত না হলে এতদিনে এই প্রশ্নের উত্তর পাওয়া যেত। ২০২১ সালে এ অলিম্পিক অনুষ্ঠিত হলে এ অমীমাংসিত প্রশ্নের সমাধান মিলবে।

তবে, নতুন করে অলিম্পিকসহ প্রতিযোগিতামূলক খেলাধুলা শুরুর আগে ক্রীড়াবিদদের দীর্ঘকালীন প্রস্তুতির সুযোগ দেওয়া প্রয়োজন। কারণ, করোনার মাঝে অনুশীলন বাধাগ্রস্ত হয়েছে। এর মাঝেও যে যত কঠোর পরিশ্রম করেছে তাঁর সাফল্য তেমন হবে বলেও বিশ্বাস করেন উসাইন বোল্ট।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত