Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে ‘মুখ রক্ষা’ করেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশের বিপক্ষে ‘মুখ রক্ষা’ করেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া
ম্যাকাইতে মাত্র দুই দিনেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।

ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট। এভাবে তাড়াতাড়ি টেস্ট শেষ হওয়াটা মানতে পারছেন না অনেকেই। বিশেষ করে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো এই টেস্ট শেষের পর বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। ‘দ্য অস্ট্রেলিয়ান ডট কম’ লিখেছে, ‘দুই দিনের টেস্ট বন্ধ করতেই হবে। অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে।’ সংবাদমাধ্যমটি আরেক প্রতিবেদন প্রকাশ করেছে এই শিরোনামে, ‘পাঁচ দিনের ক্রিকেটের মৃত্যু। যেভাবে সংক্ষিপ্ততম টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করছে।’

ম্যাকাইতে এর আগে ওয়ানডে হলেও এবারই প্রথমবারের মতো টেস্ট হয়েছে। অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশের পরই মাত্র দুই দিনে শেষ হয়ে গেল ম্যাচটি। এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে ২৮ ম্যাচের ফল এসেছে দুই দিনে। যার মধ্যে সবশেষ ৯ মাসেই অস্ট্রেলিয়ার ৩ টেস্ট দুই দিনে শেষ হয়েছে।

৭৫০ বলে শেষ হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সবচেয়ে কম বলে ফল হওয়া টেস্টগুলোর মধ্যে চতুর্থ সর্বনিম্ন। ৯ মাসে অস্ট্রেলিয়ার ৩ টেস্ট শেষ দুই দিনেই। ক্রিকেটের জন্য এটা ক্ষতিকর—অজিদের ইনিংস ও ৫১ রানে জয়ের পর সিডনি মর্নিং হেরাল্ড এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের ভেতরে সংবাদমাধ্যমটি একটা দৃশ্যপট তুলে ধরেছে। সেখানে লেখা, ‘দ্বিতীয় দিনের খেলা শেষের ১০ মিনিট আগেও ম্যাকাইতে ক্রিকেট হচ্ছিল। তবে সেটা টেস্ট নয়। হ্যারাপ পার্কের জেনারেল ম্যানেজার ও তাঁর কর্মীরা একটা ক্রিকেট ম্যাচ খেলছিলেন। যেটা শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে কম সময়ে শেষ হওয়া টেস্টগুলোর একটিতে পরিণত হয়েছে।’

প্রত্যেক ২৫ বল পরপর উইকেট পড়েছে ম্যাকাইতে সদ্য সমাপ্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে। যার মধ্যে গত পরশু প্রথম দিনে পড়েছে ১৮ উইকেট। যদিও ম্যাকাই টেস্টের পিচ নিয়ে কোনো রেটিং দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে উপমহাদেশের উইকেট হলে বেশির ভাগ সময় অসন্তোষজনক রেটিং দেওয়ার পাশাপাশি দেওয়া হয় ডিমেরিট পয়েন্টও। এমনকি পিচ ব্যাটিংবান্ধব হলেও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা দেয় অসন্তোষজনক রেটিং।

গতকাল মাত্র দুই দিনে ম্যাকাই টেস্ট শেষে নাজমুল হোসেন শান্ত যখন সংবাদ সম্মেলনে আসেন, তাঁর কাছে এসেছে ম্যাকাইয়ের পিচ নিয়ে প্রশ্ন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আপনারাও একটু মনে রাইখেন, আমরাও মনে রাখলাম। সাধারণত যখন উপমহাদেশে খেলি, এক দিনে ১৮-১৯ উইকেট পড়লে অনেক কথাবার্তা হয়। একটা কথা বলতে চাই। যখন আমরা উপমহাদেশে খেলব, তখন যেন এই জিনিসগুলো ভুলে না যাই।’

ম্যাকাইতে ভরাডুবির পরও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের মতোই চার নম্বরে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে হারের পর শান্তর দলের সফলতার হার এখন ৫৫.৫৬ শতাংশ। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ৪০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত