Ajker Patrika

ফিলিপাইনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ফিলিপাইনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ফিলিপাইনের কাছে হেরেছে বাংলাদেশ। ছবি: বাফুফে

জয় পেলেই অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ফিলিপাইনের বিপক্ষে সেই জয় তো আসেনি, উল্টো শেষ দিকে আরও দুই গোল হজম করে বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আলপি-মেঘলাদের।

উজবেকিস্তানের তাসখন্দে আজ ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে ফিলিপাইনের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই জয়ে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফিলিপাইন। এক জয় ও এক হারে গ্রুপের দ্বিতীয় দল হয়ে বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ।

দুই দলেরই প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল স্বাগতিক উজবেকিস্তান। বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে, ফিলিপাইন পেয়েছিল ৪-০ গোলের জয়। বাংলাদেশের জন্য হিসাবটা ছিল কঠিন—মূল পর্বে যেতে হলে জিততেই হতো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ফিলিপাইন। বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত থাকতে হয়েছে প্রতিপক্ষের একের পর এক প্রচেষ্টা সামলাতে। চতুর্থ মিনিটে গোলমুখে বিপদ তৈরি হলে তা ঠেকান ডিফেন্ডার মৌসুমী আক্তার। এরপর গোলকিপার মেঘলা রানী রায়ও একাধিকবার দলকে রক্ষা করেন। ১৬ মিনিটে দূরপাল্লার শট এবং ২৩ মিনিটে কাছ থেকে নেওয়া শট ফিরিয়ে দেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে কিছুটা গুছিয়ে খেলার চেষ্টা করে বাংলাদেশ। ৪৩ মিনিটে সতীর্থের ক্রসে মৌসুমীর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির ঠিক আগে গোলের সুযোগও পেয়েছিল দল। বক্সের বাইরে থেকে আলপি আক্তারের বাঁ পায়ের শট ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশকে চাপে রাখে ফিলিপাইন। তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৩ মিনিট পর্যন্ত। বাঁ দিক থেকে আসা ক্রস বিপদমুক্ত করতে পারেনি বাংলাদেশের রক্ষণ। বল পেয়ে দ্রুত শটে জাল খুঁজে নেন মায়া রোজ বাসকারা।

শেষ ১০ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় ফিলিপাইন। ৯০ মিনিটে ডান দিক থেকে কোনাকুণি শটে নিজের প্রথম গোল করেন নোয়েল্লে গ্রানজার। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে বাঁ দিক থেকে আবারও জাল কাঁপিয়ে ব্যবধান ৩-০ করেন তিনি।

তাতে মূল পর্বে ওঠার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচে জয়ের পরও শেষ ম্যাচে হেরে বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হলো দলকে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত