একটু দেরিতে শুরু করলেও বেশ প্রশংসিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের নতুন উদ্যোগ। তারা নিয়মিত মানসম্মত কনটেন্ট প্রকাশ করেছে বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে। আর তাতে দর্শকের সুযোগ হচ্ছে বাংলাদেশ দলের অন্দর দেখার। তাঁরা দেখতে পাচ্ছেন ড্রেসিংরুমের ব্যতিক্রম কিছু ঘটনাও।
পরশু যেমন দেখা গেল কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ড্রেসিংরুমে নাজমুল হোসেন শান্তকে পরিয়ে দিচ্ছেন ‘মেরুন জ্যাকেট’। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে একাধিক পারফরমার ছিলেন এই মেরুন জ্যাকেট গায়ে জড়ানোর। দুর্দান্ত সেঞ্চুরিতে পারফরমার সতীর্থদের পেছনে ফেলে শান্তই পেয়েছেন মেরুন জ্যাকেট। ম্যাচের পর ড্রেসিংরুমে হাথুরুর দেওয়া ভাষণে বোঝা যাচ্ছিল, বাংলাদেশ পরশু যে ‘ক্যারেক্টার’ দেখিয়েছে, এটাই তিনি চান দলের কাছ থেকে। শ্রীলঙ্কা ভালো শুরু করার পরও বাংলাদেশের বোলাররা প্রত্যাবর্তন করেছেন। ব্যাটিংয়েও বাজে শুরুর পর মাহমুদউল্লাহ, শান্ত আর মুশফিকুর রহিমের পাল্টা লড়াই মুগ্ধ করেছে সবাইকে। বিপর্যয়ে ঘুরে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত যোদ্ধার পরিচয়। দ্বিতীয় দফায় বাংলাদেশে ফিরে এই লড়াকু মানসিকতা তৈরির চ্যালেঞ্জটা নিয়েছেন হাথুরু।
খেলোয়াড়দের উজ্জীবিত করতে কোচরা অনেক কিছুই করেন। হাথুরু যেমন বাংলাদেশ দলে নতুন সংস্কৃতি তৈরি করতে কিছু উদ্যোগ নিয়েছেন। ২০২৩ বিশ্বকাপে গুয়াহাটি থেকে বিশেষ বই ‘দ্য টাইগার্স কোড’ তুলে দিচ্ছেন জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়ের হাতে। বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতি কেমন হবে, কীভাবে ক্রিকেটাররা একটা আদর্শ দল হয়ে খেলতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যক্তিস্বার্থ দূরে রেখে কী করে সবকিছুর ঊর্ধ্বে দলীয় বিশ্বস্ততাকে প্রাধান্য দেওয়া যায়, এটিই টাইগার্স কোডের মূল কথা। শুধু ক্রিকেট নয়, এর বাইরেও একজন পেশাদার খেলোয়াড়ের জীবনবৈচিত্র্য কেমন হবে সেটি উল্লেখ আছে। মেরুন জ্যাকেট, টাইগার্স কোডের সঙ্গে গত কয়েক মাসে পরিবর্তন এসেছে বাংলাদেশ দলের কোচিং স্টাফে। নতুন কয়েকজন কোচ যুক্ত হয়েছেন এরই মধ্যে। সবচেয়ে বড় পরিবর্তন নেতৃত্বে। নাজমুল হোসেন শান্তর কাঁধে সওয়ার হয়ে বাংলাদেশ শুরু করেছে নবযাত্রা।
এই পরিবর্তনের হাওয়ায় বাংলাদেশ যদি পেছন ফেলতে পারে দলকে ঘিরে থাকা কিছু বিতর্ক। মাশরাফি বিন মর্তুজার বিদায়ের পর চার সিনিয়র ক্রিকেটারকে একসঙ্গে খুব কমই পাওয়া গেছে গত চার বছরে। এর মধ্যে যোগ হয়েছে সাকিব-তামিম ইকবালের দ্বন্দ্ব। স্পষ্ট হয়েছে কোচের সঙ্গে তামিমের দূরত্বও। মজার ব্যাপার, গত বছর বাংলাদেশে ফেরার পর প্রথম সংবাদ সম্মেলনে হাথুরুকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, সিনিয়র ক্রিকেটারদের সামলানো সবচেয়ে কঠিন কাজ হবে কি না। উত্তরে তিনি বলেছিলেন, ‘নাহ! একেবারেই না।’ এর ঠিক কয়েক মাসের মধ্যেই তামিম-মাহমুদউল্লাহর দলে থাকা-না থাকার পেছনে হাথুরুর ভূমিকা নিয়ে কম বিতর্ক হয়নি। এখনো যা চলছে।
বিতর্ক-সমালোচনার মধ্যেও হাথুরু নিজের কাজে অটল থেকেছেন। কয়েক মাসের অদল-বদলের সময়ে দলে নতুন সংস্কৃতি গড়ে তুলতে হাথুরুর ট্রাম্পকার্ড হয়ে এসেছেন ‘লিডার’ শান্ত। ইম্প্যাক্ট, ইনটেন্ট, পারফরম্যান্স—সব মিলিয়ে শান্তই ছিলেন এ দায়িত্ব নেওয়ার গুরুত্বপূর্ণ সদস্য। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি জয় এবং একই প্রতিপক্ষের সঙ্গে নিজেদের মাঠে টেস্ট জিতেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত ৪৫.০২ গড়ে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ১৮৪৬ রান শান্তর।
পূর্ণ মেয়াদে অধিনায়ক হওয়ার পর প্রথম টি-টোয়েন্টি সিরিজ হারলেও শান্তর পারফরম্যান্স প্রশংসনীয়। ওয়ানডে সিরিজে আজ তাঁর সামনে রেকর্ড গড়ার সুযোগ। শান্তর নেতৃত্ব প্রথম ওয়ানডে সিরিজ জেতার লক্ষ্যে আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিকেরা। শান্ত রান করলেই যে বাংলাদেশ জেতে, সেটি গত পাঁচ মাসে লঙ্কানদের বিপক্ষেই দেখা গেল তিনবার। গত বছর ওয়ানডে বিশ্বকাপে দিল্লিতে আলোচিত ‘টাইমড আউট’ ম্যাচে লঙ্কানদের ৩ উইকেটে হারায় বাংলাদেশ দল। সে ম্যাচে ৯০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন শান্ত। সিলেটে জেতা টি-টোয়েন্টিতে ৫৩ রানে অপরাজিত ছিলেন। আর পরশু ওয়ানডে তো দেখাই গেল। অথচ কে বলবে এই শান্ত পুরো বিপিএলে রানখরায় ভুগেছেন।
তাহলে বিষয়টি কী দাঁড়াল, কোচ হাথুরুর সঙ্গেই অধিনায়ক শান্তর রসায়নটা বেশ জমে উঠেছে। এটি যত জমজমাট থাকবে, ততই গৌরবগাথা লিখবে বাংলাদেশ।

বিশ্বকাপের সেরা ৩২-এ আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। নেক্কারজনক এই কাণ্ডে রীতিমতো নিন্দা জানিয়েছে ফিফা।
৩৮ মিনিট আগে
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ছিল শঙ্কা, উত্তেজনা আর নাটকীয়তা। পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। এমন রুদ্ধশ্বাস জয়ের পর সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
১ ঘণ্টা আগে
মিসরের বিপক্ষে নাটকীয় জয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে আবারও আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করা এই ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পেয়েছে সুইজারল্যান্ড। লিওনেল মেসিদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও ম্যাচের আগে আত্মবিশ্বাস হারাচ্ছেন না সুইস কোচ মুরাত ইয়াকিন। তাঁর মতে, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও অজেয় নয়।
৩ ঘণ্টা আগে