Ajker Patrika

‘আর্জেন্টিনার বিরুদ্ধে ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়িয়েছে’

ক্রীড়া ডেস্ক    
‘আর্জেন্টিনার বিরুদ্ধে ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়িয়েছে’
সমালোচকদের একহাত নিলেন দি পল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। সেই হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেননি দলটি মিডফিল্ডার রদ্রিগো দি পল। তবে হারের আক্ষেপের পাশাপাশি সমালোচকদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন তিনি।

রেফারির সহায়তা পাচ্ছে আর্জেন্টিনা—বিশ্বকাপজুড়ে এমন কথা বলতে শোনা গেছে এক শ্রেণীর সমর্থকদের মুখে। অনেক সাবেক ফুটবলাররাও বিষয়টি নিয়ে সরব ছিলেন। পাশাপাশি দলটির খেলোয়াড় ও সমর্থকদের উদযাপনের ধরন নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল।

স্পেনের কাছে ফাইনাল হারের এক দিন পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে সেসব সমালোচকদের একহাত নিলেন দি পল। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিশ্বকাপজুড়ে অনেকেই আর্জেন্টিনার পতনের অপেক্ষায় ছিলেন। এমনকি ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়িয়ে দলের সাফল্যকে খাটো করার চেষ্টাও হয়েছে।

দি পল লিখেছেন, ‘আজ দেখছি কত মানুষ আমাদের এই পতনের অপেক্ষায় ছিল। পুরো বিশ্বকাপজুড়ে তারা ভিত্তিহীন নানা ষড়যন্ত্রের গল্প ছড়িয়েছে, শুধু অন্যদের সেই কষ্টটা লাঘব করার জন্য, যা তারা কখনোই অনুভব করতে পারেনি—যে অনুভূতি প্রতিটি আর্জেন্টাইন বেঁচে ছিল। কারণ আমাদের হাসি তাদের সহ্য হয় না, আমাদের পথচলা তাদের গায়ে লাগে। কিন্তু এসবই আবার প্রমাণ করেছে, আমাদের জার্সির প্রতি আবেগ আর ভালোবাসা সবকিছুকে জয় করতে পারে।’

সমালোচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেও শিরোপা হাতছাড়া হওয়ার কষ্ট লুকাতে পারেননি দি পল, ‘সবচেয়ে বড় কষ্ট এই কারণে যে, আমরা বিশ্বকাপটা আবার আমাদের দেশে ফিরিয়ে আনতে পারিনি। কারণ যদি কেউ সেই অনুভূতিটা আবার পাওয়ার যোগ্য হয়ে থাকে, তবে সেটা তোমরাই। কিন্তু সময় যত যাচ্ছে, তোমরাই আমাদের বুঝিয়ে দিচ্ছ যে, এই দলের সঙ্গে তোমাদের সম্পর্ক কোনো ট্রফির চেয়েও বড়। এই কঠিন সময় পার হওয়ার জন্য আমি সেই অনুভূতিকেই আঁকড়ে ধরতে চাই।’

পোস্টের শেষে দি পল লিখেছেন, ‘এই ব্যথা অনেক দিন থাকবে। কিন্তু আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আমি গর্বিত যে আমি একজন আর্জেন্টাইন।’

আর্জেন্টিনার হয়ে ৯৪ ম্যাচ খেলেছেন দি পল। লিওনেল স্কালোনির অধীনে আলবিসেলেস্তেদের সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং একই বছরের বিশ্বকাপজয়ী দলের অপরিহার্য অংশ ছিলেন মাঝমাঠের এই ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত