পাকিস্তানের কাছে হারের পর হামজার রুমে জামালের নির্ঘুম রাত

জাতীয় স্টেডিয়ামে গতকাল শেষ বাঁশি বাজতেই শুকি ইতোফুসা-হামজা চৌধুরীদের চোখ থেকে অঝোরে ঝড়তে থাকে পানি। যে মেহেদী হাসান শ্রাবণের ভুলে বাংলাদেশের হৃদয়ভঙ্গ হলো, তাঁর শরীরী ভাষাতেও হতাশার ছাপ ছিল স্পষ্ট। দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনাল খেলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই স্বপ্নভঙ্গের বেদনায় শুধু হামজারাই নন। পুরো বাংলাদেশ শোকে মুহ্যমান। ফুটবলারদের কেটেছে নির্ঘুম রাত।
২০০৩ সালে সাফ জয়ের পর বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দীর্ঘ ২৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলেন। সেবারও ঘরের মাঠে সাফ জিতেছিল বাংলাদেশ। এবার তো হামজা-শমিত সোম-জামাল ভূঁইয়া-ফারহান আলী ওয়াহিদের মতো একঝাঁক প্রবাসী ফুটবলার খেলেছেন। গতকাল তো পাকিস্তানের বিপক্ষে শুরুর একাদশে আট প্রবাসী নিয়ে দল সাজান টমাস ডুলি। তবে ৮৬ মিনিটে গোল হজম করে ১-০ গোলে হেরে সেমি থেকেই বিদায় নিল বাংলাদেশ। হারের প্রতিক্রিয়ায় আজ সাংবাদিকদের জামাল বলেন ‘অনেক খারাপ লাগছে। ঘুমোতে পারিনি। সারারাত আমি হামজার রুমে ছিলাম। সকাল ৬টা পর্যন্ত ছিলাম। আগের ম্যাচের মতো খেলতে না পারায় খারাপ লাগছে।’
১১ নভেম্বর শ্রীলঙ্কার কাছে ৪-০ গোলে জিতে প্রত্যাশার পারদ অনেক বেড়ে গিয়েছিল বাংলাদেশের ওপর। কিন্তু গতকাল গ্যালারিভর্তি দর্শকের গর্জন, আকাশছোঁয়া প্রত্যাশা আর দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর হাতছানি—সবকিছু মুহূর্তেই রূপ নিল বিষাদে। শ্রাবণের ভুলে গোল হজমের পর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি বাংলাদেশ।
কাছাকাছি এসে ফাইনাল খেলতে না পারার হতাশা এখনো কাটেনি জামালের। কোচ ডুলির ট্যাকটিকস নিয়েও সমালোচনা করেছেন জামাল, ‘দলের তো সবাই অনেক ক্লান্ত ছিল। আমি তো মনে করছি আগে নামব। তারপরে আমাদের তিনজনকে একসঙ্গে ডাক দিয়েছে ৮৬ মিনিটের দিকে। কিন্তু তখন তো আসলে করার কিছু ছিল না। আমরা নেমেছি ৯০ এর পর অতিরিক্ত ২ মিনিটে। এটা নিয়ে আমি অনেক কথা বলেছি ম্যাচের পর। কারণ, আমার তো রাগ ছিল। দিনশেষে আমরা ফাইনাল খেলতে পারিনি।’
জামালের মতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কয়েকজন ফুটবলারকে পুরো ৯০ মিনিট না খেলালেও পারতেন ডুলি। বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার বলেন, ‘শেষ ম্যাচে যখন ২-০ ছিল, আমার মতে যারা গুরুত্বপূর্ণ খেলোয়াড়, মানে হামজার মতো খেলোয়াড়দের বিশ্রাম দরকার ছিল। কারণ, দুই তিন দিন পর মানে ৪৮ ঘণ্টা পর আবার একটা খেলা ছিল। তবে শুধু খেলোয়াড়ের নয়। শিখতে হবে ম্যানেজমেন্টকেও। কিন্তু দিনশেষে কোচ সিদ্ধান্ত নেবেন, কে খেলবে, কে খেলবে না।’
গত রাতে পাকিস্তানের কাছে হারের পর গ্যালারিতে দর্শকেরা আগুনও দিয়েছেন। আর শ্রাবণ আজ সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছেন। গতকাল বাংলাদেশকে ৮৫ মিনিট পর্যন্ত আগলে রেখেছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। একের পর এক দুর্দান্ত সেভে বাঁচিয়েছেন দলকে। মনে হচ্ছিল, অতিরিক্ত সময়েই হয়তো নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য। কিন্তু সেই শ্রাবণই মুহূর্তের ভুলে ডেকে আনলেন সর্বনাশ। থ্রো-ইন করতে গিয়ে বল তুলে দিলেন প্রতিপক্ষের পায়ে। সেই ভুলের খেসারত দিল পুরো বাংলাদেশ দল। আবদুল সামাদের গোলে স্বপ্নভঙ্গ হলো স্বাগতিকদের। ফাইনালে উঠল পাকিস্তান।
এর আগে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ইতিহাসে রেকর্ড ১৪তম বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।











