Ajker Patrika

মিঠুনদের সেঞ্চুরির দিনে সাকলাইনের ৬ উইকেট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
মিঠুনদের সেঞ্চুরির দিনে সাকলাইনের ৬ উইকেট
আবাহনী-বসুন্ধরা ম্যাচের একটি দৃশ্য। ছবি: বিসিবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের বেশিরভাগ ম্যাচই রানবন্যায় ভেসেছে। এদিন সেঞ্চুরি হয়েছে চারটি। তিন অঙ্কের ম্যাজিক্যাল কোটা স্পর্শ করেছেন মোহাম্মদ মিঠুন, আশিকুর রহমান শিবলি, মাহমুদুল হাসান এবং সাদিকুর রহমান। বিপরীতে বল হাতে দিনটা রাঙিয়েছেন কেবল আব্দুল গাফফার সাকলাইন।

ক্রিকেটার্স একাডেমিতে ব্রাদার্স ইউনিয়নকে ১২০ রানে হারিয়েছে ঢাকা লেপার্ডস। মিঠুনের ১১২ রানের ইনিংসের সুবাদে ৩৫১ রানের পুঁজি পায় লেপার্ডস। জবাবে ২৩১ রানে অলআউট হয় ব্রাদার্স। সিটি ক্লাবের কাছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব হেরেছে ৬ উইকেটে। বিকেএসপির তিন নম্বর মাঠে মাহমুদুলের সেঞ্চুরিতে (১০৬) ২৪৬ রান করে টাইগার্স। রান তাড়ায় ৬৩ বল হাতে রেখে জয় তুলে নেয় সিটি ক্লাব। দল জেতানোর পথে ১০৫ রানের ইনিংস খেলেন সাদিকুর।

বিকেএসপির চার নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় ২০৫ রানে। ব্যাটাররাই গড়ে দিয়েছিল দলটির জয়ের ভীত। শিবলির সেঞ্চুরিতে (১১৯) ৩৫৪ রান করে রূপগঞ্জ। লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ১৪৯ রানে গুটিয়ে গেছে গুলশান।

দিনের সবচেয়ে জমজমাট ম্যাচটি হয়েছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। শেষ ওভারে ফয়সালা হওয়া ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। ৫ বল হাতে রেখে মতিঝিলের ক্লাবটির করা ৩০৩ রান টপকে যায় প্রাইম ব্যাংক। দলটির হয়ে দিপুর অবদান ১১৮ রান। এর আগে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন মোহামেডানের নাঈম শেখ।

শেরেবাংলায় জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে আবাহনী লিমিটেডের জয় ৪ উইকেটে। এ ছাড়া পিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে সমান ব্যবধানে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত