Ajker Patrika

জিম্বাবুয়ের কাছে ভরাডু্বির কথা মনেই রাখতে চায় না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
জিম্বাবুয়ের কাছে ভরাডু্বির কথা মনেই রাখতে চায় না বাংলাদেশ
সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে ২০২২ সালে। সেই সিরিজটি জিম্বাবুয়ে জেতে ২-১ ব্যবধানে। ছবি: ক্রিকইনফো

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরে সফর শুরু করেছে বাংলাদেশ। আফ্রিকার দলটির বিপক্ষে ২৫ বছর পর টেস্টে ইনিংসে হারল বাংলাদেশ। লাল বলের সংস্করণ থেকে এবার আরেক সংস্করণে খেলতে নামার আগে ঘুরেফিরে আসছে সেই ভরাডুবির প্রসঙ্গ। যদিও মেহেদী হাসান মিরাজ এটা নিয়ে চিন্তিত নন।

যে হারারেতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের টেস্টে ভরাডুবি হয়েছে, সেই ভেন্যুতেই আগামীকাল শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ বাংলাদেশ খেলবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। তিনি অবশ্য হারারে টেস্টে খেলেননি। আর এই মিরাজের নেতৃত্বে বাংলাদেশ গত বছরের অক্টোবর থেকে শুরু করে টানা চার ওয়ানডে সিরিজ জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—এই চার দলের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ঘরের মাঠে।

মিরাজের সামনে টানা পাঁচ ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন পর অ্যাওয়েতে ওয়ানডে সিরিজ খেলছে। এর আগে সবশেষ দেশের বাইরে বাংলাদেশ ওয়ানডে খেলেছিল গত বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই সিরিজের ৯ মাস পর বিদেশের মাঠে সাদা বলের এই সংস্করণে খেলতে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছে হারারে টেস্টে ভরাডুবির প্রসঙ্গ। উত্তরে মিরাজ বলেন, ‘টেস্ট ম্যাচ আমরা ভালো খেলিনি। তবে সেটা অতীত। এমনটা মাঝে মাঝে হতেই পারে। তবু নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন প্রত্যেকটি ওয়ানডে সিরিজই গুরুত্বপূর্ণ। কারণ, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের প্রথম ৯ দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। যেখানে বিশ্বকাপের এক আয়োজক দক্ষিণ আফ্রিকা ১০২ রেটিং পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৭। ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৩। জিম্বাবুয়ে ৫৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১২ নম্বরে।

এবারের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে স্বাগতিক হলেও বাংলাদেশ খেলতে নামবে অস্ট্রেলিয়া সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে। যে অস্ট্রেলিয়াকে ২১ বছর ধরে ওয়ানডেতে বাংলাদেশ হারাতে পারত না, তাদের বিপক্ষে মিরাজ-শান্তরা সিরিজ জিতেছেন ২-১ ব্যবধানে। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে কেবল শেখ মেহেদী হাসানকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজে খেলবে বাংলাদেশ। পেস আক্রমণে আছেন শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। যাঁদের মধ্যে রানা পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজসেরা হয়েছেন। শরীফুল ৪৮ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যেহেতু দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া মিলিয়ে হবে, সেক্ষেত্রে বর্তমান সিরিজটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় এটা সবার জন্যই একটা দারুণ সুযোগ। কারণ, ২০২৭ সালের বিশ্বকাপ এখানেই অনুষ্ঠিত হবে। তাই এটা প্রত্যেক ব্যাটার এবং প্রত্যেক বোলারের জন্যই দারুণ সুযোগ। আমরা এই সুবিধাটাও নিচ্ছি। কারণ, আমাদের জিম্বাবুয়েতে তিনটি ওডিআই ম্যাচ আছে। এই কন্ডিশনের সাথে যত দ্রুত সম্ভব, মানিয়ে নিতে হবে। আমাদের মোমেন্টামও অনেক ভালো।’

লিটন গত ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং করলেও উইকেটরক্ষকের কাজ করেননি। উইকেটরক্ষকের গ্লাভস পরেছিলেন নুরুল হাসান সোহান। আগামীকাল প্রথম ওয়ানডেতেও লিটনের একাদশে থাকার সম্ভাবনা কম। হয়তো ৯ ও ১১ জুন দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের একাদশে থাকতে পারেন তিনি। শেষ দুই ওয়ানডে হবে হারারেতেই।

সবশেষ ওয়ানডে সিরিজ বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলেছে ২০২২ সালে। চার বছর আগে অনুষ্ঠিত সেই সিরিজটি হয়েছে জিম্বাবুয়ের মাঠেই। স্বাগতিক জিম্বাবুয়ে সিরিজটি জেতে ২-১ ব্যবধানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত