
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তর করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
তবে স্টেডিয়াম দুটি শুধু ফুটবলের জন্য ব্যবহার করা হবে না। এনএসসির অনুমতি নিয়ে অন্যান্য ক্রীড়া ফেডারেশনও এসব স্টেডিয়াম ব্যবহার করতে পারবে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, অন্য ফেডারেশনগুলোকে স্টেডিয়াম ব্যবহারে প্রয়োজনীয় সহযোগিতা করবে বাফুফে।
জাতীয় ক্রীড়া পরিষদে আজ এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা এই ধরনের কাজ করতে চাই। আমরা ফিফা, এএফসি, স্পনসরদের অর্থে কাজ সম্পন্ন করব এবং এনএসসির অনুমতি নিয়ে করব। এই ব্যাপারগুলো স্পষ্ট করার জন্য ভালো। কারণ, অনেক সময় ভুল বোঝাবুঝি হয়।’
স্টেডিয়াম ব্যবহারের বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘স্টেডিয়াম ব্যবহার করা সকল ফেডারেশনের জন্য উন্মুক্তভাবে দেওয়া হোক। তদারকি, নিরাপত্তা ব্যবস্থা দেখবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।’ এনএসসি অন্য কোনো ফেডারেশনকে ব্যবহারের অনুমতি দিলে বাফুফে তাদের সহযোগিতা করবে বলেও জানান তিনি।
তাবিথের ভাষায়, ‘এই স্টেডিয়ামগুলো কিন্তু সকল ক্রীড়ার জন্য, কোনো একটা ফেডারেশনের জন্য না।’ তাঁর আশা, এই দুটি স্থাপনার ব্যবস্থাপনায় বাফুফে সফল হলে ভবিষ্যতে অন্য ক্রীড়া ফেডারেশনকেও বিভিন্ন ক্রীড়া স্থাপনার দায়িত্ব দেওয়ার কথা ভাবতে পারে এনএসসি।
অনুষ্ঠানে প্রধান বক্তা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আমিনুল হক বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনে নতুনভাবে পথচলা শুরু হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেবে বলে তিনি মনে করেন।’
আমিনুল হক বলেন, ‘আমরা শূন্য থেকে শুরু করেছি।’ দেশের স্টেডিয়ামগুলোর পরিবেশ ফিরিয়ে আনতে ইতিমধ্যে এনএসসি একটি নকশা ও কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘ঢাকা স্টেডিয়াম থেকে শুরু করে কমলাপুর স্টেডিয়াম বা সিলেটসহ সারা দেশের স্টেডিয়ামগুলোতে যাতে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা যায়, যাতে খেলোয়াড় কিংবা ক্রীড়া সংগঠক তাঁদের একটা স্বস্তি হয়, সেই দিকে আমরা নজর দিচ্ছি।’
সিলেটের স্টেডিয়ামে হাইব্রিড ঘাস লাগানোর কাজের কথাও অনুষ্ঠানে উল্লেখ করা হয়। আমিনুল হক জানান, স্টেডিয়ামগুলোর পরিবেশ উন্নয়নে কাজ শুরু হয়েছে, তবে পুরো কার্যক্রম শেষ করতে কিছুটা সময় লাগবে।

যে ক্লাবকে ১৬ বছর আগে ইউরোপের সেরা বানিয়ে রিয়াল মাদ্রিদে পা রেখেছিলেন, এবার সেই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করছেন জোসে মরিনিও। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল ও ইন্টার। ম্যাচটি তাই মরিনিওর জন্য একই সঙ্গে নতুন মিশনের শুরু ও সাবেক দলের সঙ্গে পুনর্মিলন।
৩২ মিনিট আগে
শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ রান করেও পরশু দুবাইয়ে প্রাণপণে লড়াই করে হেরে যায় বাংলাদেশ। হারের পর নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ পেল আরেক দুঃসংবাদ। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১ ঘণ্টা আগে
পাকিস্তান ক্রিকেটে বিরাজ করছে অস্থির এক অবস্থা। লাগাতার ব্যর্থতায় বদলানো হচ্ছে কোচ। আসছেন নতুন অধিনায়কও। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচককে ধুয়ে দিলেন আজহার আলী।
২ ঘণ্টা আগে
মাতৃভাষা বাংলা ও বর্ণমালাকে মূল উপজীব্য করে উন্মোচিত হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি। আজ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই হোম ও অ্যাওয়ে কিট উন্মোচন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৩ ঘণ্টা আগে