
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ সালমান আলী আগাকে রান আউট করে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটের আইন অনুযায়ী এটা আউট হলেও আলোচনার খোরাক জোগাচ্ছে এই ঘটনা। প্রেক্ষাপট ভিন্ন হলেও অ্যাঞ্জেলো ম্যাথুসকে করা সাকিবের একটি আউট নিয়েও কম আলোচনা হয়নি।
ম্যাথুসের ওই আউটের ঘটনাটি ঘটে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের ইনিংসের ২৫ তম ওভারের কথা। সাকিবের করা সে ওভারের দ্বিতীয় বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে আউট হন সাদিরা সামারাবিক্রমা। তাঁর আউটের পর মাঠে নামতে কিছুটা বিলম্ব করেন ম্যাথুস। সবকিছু সেখানে সীমাবদ্ধ থাকলে হতো। কিন্তু ক্রিজে আসার পর হুট করেই ম্যাথুসের হেলমেটের ফিতা ছিঁড়ে যায়। এমতাবস্থায় ব্যাটিংয়ের জন্য প্রস্তুত না হয়ে নতুন হেলমেটের জন্য ড্রেসিংরুমের দিকে ইশারা করেন ম্যাথুস। হেলমেট নিয়ে মাঠে প্রবেশ করতেও সময় নিয়েছেন শ্রীলঙ্কার দ্বাদশ খেলোয়াড়। ততক্ষণে পেরিয়ে গেছে দুই মিনিটের বেশি সময়।
এই সুযোগটাকেই কাজে লাগান সাকিব। টাইম আউটের আবেদন করেন তারকা অলরাউন্ডার। আইসিসির নিয়ম বলছে, কোনো ব্যাটার আউট হওয়ার পরবর্তী দুই মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে ক্রিজে এসে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তা নাহলে প্রতিপক্ষ দলের আবেদনের প্রেক্ষিতে ওই ব্যাটারকে ‘টাইমড আউট’ দিতে পারবেন আম্পায়ার। নিয়ম মেনেই তাই সাকিবের আবেদনের প্রেক্ষিতে ম্যাথুসকে আউট দেন আম্পায়ার। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে কোনো আন্তর্জাতিক ম্যাচে টাইমড আউটের সাক্ষী হন ম্যাথুস। অবশ্য নিয়ম থাকার পরও বিষয়টি নিয়ে পরবর্তীতে পক্ষে-বিপক্ষে অনেক কথা হয়েছে।
আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে সালমানের আউট হন ইনিংসের ৩৯ তম ওভারে। মেহেদী হাসান মিরাজের করা সে ওভারের চতুর্থ বলটি ফ্লিক করেন রিজওয়ান। বল চলে যাচ্ছিল নন স্ট্রাইক প্রান্তে থাকা সালমানের দিকে। কিছুটা দৌঁড়ে বল ধরার জন্য যাচ্ছিলেন মিরাজ। সালমানও বল তুলে স্বাগতিক অধিনায়ককে দেওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু তার আগেই মিরাজ বল তুলে স্টাম্প ভাঙেন। তখন পপিং ক্রিজের বাইরে ছিলেন সালমান। আবেদন করতেই আউট দেন আম্পায়ার। এমসিসির ধারা ৩৮.১-এ বলা আছে, যেটা স্পষ্ট রান আউট। তবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান; মাঠেই অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে লিটন দাসের সঙ্গে তর্কও হয় সালমানের। পরিস্থিতি শান্ত করেন রিজওয়ান। মাঠ ছাড়ার সময় রাগে নিজের হেলমেট ও গ্লাভস ছুঁড়ে বাউন্ডারি লাইনের বাইরে ফেলে দেন সালমান। ঘটনা ভিন্ন হলেও ম্যাথুস-সালমান যেন দাঁড়িয়ে এক বিন্দুতে; দুটি আউটের সঙ্গেই জড়িয়ে থাকল বাংলাদেশের নাম। যেখানে সাকিবের পর কেন্দ্রীয় চরিত্রে মিরাজ।

বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
৪ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাউন্ডারি বাঁচাতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার হুসেইন তালাত। বাঁ কাঁধে আঘাত পাওয়ার পর তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে।
৩৭ মিনিট আগে
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে খুবই বাজে। দলীয় ১৫ রানে ৩ ব্যাটারকে হারায় স্বাগতিকেরা। পাকিস্তানের বোলারদের দাপটের পর মিরপুরে রাজত্ব করছে বৃষ্টি। ক্রিকেটার চিরশত্রুর কারণে আপাতত খেলা বন্ধ আছে।
২ ঘণ্টা আগে
ছেলেদের টুর্নামেন্টের নিশ্চয়তা না দিলেও ধারাবাহিকভাবে মেয়েদের টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। পরপর দুবার নেপালের কাঠমান্ডুতে হওয়ার পর এ বছর মেয়েদের সাফ হবে ভারতের গোয়ায়। ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
২ ঘণ্টা আগে