Ajker Patrika

বিয়ের জন্য ঢাকায় ফিরতে গিয়ে রোমে আটকা বাংলাদেশের ফুটবলার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৭: ১২
বিয়ের জন্য ঢাকায় ফিরতে গিয়ে রোমে আটকা বাংলাদেশের ফুটবলার
রোমে আটকা পড়েছেন কাজেম শাহ। ফাইল ছবি

আর মাত্র কয়েক দিন পরই বিয়ে। ঢাকায় এরই মধ্যে শুরু হয়ে গেছে আয়োজনের প্রস্তুতি। কিন্তু বিয়ের আগে দেশে ফিরতে পারবেন কি না, সেটিই এখন বড় চিন্তার বিষয় জাতীয় দলের ফুটবলার সৈয়দ কাজেম শাহর পরিবারের। কানাডা থেকে ঢাকায় ফেরার পথে রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আটকা পড়েছেন কাজেম, তাঁর বাবা সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহসহ পরিবারের সদস্যরা।

আগামী ১৪ আগস্ট ঢাকায় কাজেমের বিয়ের অনুষ্ঠান। অথচ টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি-৩০৬ ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করায় অনিশ্চয়তায় পড়েছে তাঁদের দেশে ফেরার সময়সূচি। উড়োজাহাজটি গ্রাউন্ডেড ঘোষণা করার পর প্রায় আট ঘণ্টা সেটির ভেতরেই অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের।

রোম থেকে আজকের পত্রিকাকে সৈয়দ হালিম শাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের কানাডার পাসপোর্ট থাকায় আমরা হোটেলে থাকতে পেরেছি। এখন বিমানবন্দরে যাওয়ার জন্য পরবর্তী আপডেটের অপেক্ষায় আছি। দুর্ভাগ্যজনকভাবে, যেসব যাত্রীর বাংলাদেশি পাসপোর্ট রয়েছে, তাঁরা এখনো বিমানবন্দরে আছেন, তাঁদের যাওয়ার কোনো জায়গা নেই। তাঁদের কী দুর্ভোগ পোহাতে হচ্ছে, আমরা তা কল্পনাও করতে পারছি না। এটা সত্যিই অকল্পনীয়।’

পরে যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। কানাডার নাগরিকত্ব থাকায় রোমের একটি হোটেলে উঠতে পেরেছে কাজেমের পরিবার। তবে দেশে ফেরার পরবর্তী ফ্লাইটের সময় এখনো নিশ্চিত নয়। হালিম শাহের উদ্বেগও সেখানেই।

তিনি বলেন, ‘সিদ্ধান্ত হওয়ার পর আমাদের কানাডার নাগরিকত্ব থাকায় রোমের হোটেলে উঠতে পেরেছি। যাদের নেই তারা এয়ারপোর্টেই আছে বলে শুনেছি। তবে পরবর্তী ফ্লাইট কখন এখনও আমরা বিমান বাংলাদেশ থেকে জানতে পারিনি। এ নিয়ে টেনশনে আছি।’

কাজেমের জন্য সময়টা এমনিতেই গুরুত্বপূর্ণ। গত মৌসুমে ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন তিনি। নতুন মৌসুমের দলবদল চলছে, কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি এই ফুটবলার। এর মধ্যে বিয়ে ঠিক করা হয়ে ১৪ আগস্ট। ফলে রোমে অনাকাঙ্ক্ষিত এই যাত্রাবিরতি তাঁর পরিবারের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, শুক্রবার রাতে টরন্টো-রোম-ঢাকা রুটে বিজি-৩০৬ ফ্লাইট পরিচালনার সময় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি পুরোপুরি নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

বিজি-৩০৬ ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। ত্রুটি সারাতে বাংলাদেশ থেকে প্রকৌশলীদের একটি দলকে রোমে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান। আটকে পড়া যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত