
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার। দেশের ক্রিকেটের বিখ্যাত পাঁচ ক্রিকেটারের মধ্যে শুধু মুশফিকই আছেন জাতীয় দলে। যদিও এরই মধ্যে ওয়ানডে আর টি-টোয়েন্টি ছেড়েছেন। চালিয়ে যাচ্ছেন শুধু টেস্ট।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ যে টেস্ট খেলেছিল, ২০২০ সালে মিরপুরে সেই টেস্টে মুশফিকের ডাবল সেঞ্চুরি ছিল। আরেকটি জিম্বাবুয়ে সিরিজে দলের সবচেয়ে সিনিয়র ব্যাটারের কাছে দুর্দান্ত কিছুর আশা করতেই পারে তাঁর দল। মুশফিক অনেক দিন হলো টেস্টে উইকেটকিপিং করেন না। এই টেস্টে তাহলে দলের কিপিং করবেন কে? দলে যে একাধিক কিপার-ব্যাটার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গতকাল সংবাদ সম্মেলনে রসিকতা করে বললেন, ‘টস করার পরই জানতে পারবেন!’ সর্বশেষ টেস্টে যে লিটন দাস কিপিং করেছেন, তিনি দলে নেই। মাহিদুল অঙ্কন যদি একাদশে জায়গা না পান, সে ক্ষেত্রে জাকির আলী অনিককেই দাঁড়াতে হবে উইকেটের পেছনে।
উইকেটকিপিংয়ের চেয়ে যে বিষয়ে বেশি উত্তর দিতে হলো নাজমুল হোসেন শান্তকে, সেটি হলো ঘরের মাঠে গত বছর টেস্টে বিবর্ণ পারফরম্যান্স। ২০২৪ সালে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের যে তিনটি ম্যাচ জিতেছে, প্রতিটিই দেশের বাইরে। পাকিস্তানকে পাকিস্তানেই ধবলধোলাই করে এসেছিল বাংলাদেশ। অথচ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার কাছে তারাই নাস্তানাবুদ। গত বছরের ব্যর্থতা ঝেড়ে এ বছর দেশের মাঠে ধারাবাহিক ভালো খেলার দারুণ সুযোগ শান্তদের। নিজেদের মাঠে যে চারটি টেস্ট খেলবে, এর দুটি জিম্বাবুয়ে আর দুটি আয়ারল্যান্ডের বিপক্ষে। গত বছরের ‘০-৪’ স্কোরলাইনকে এবার ‘৪-০’ করে ফেলতে শান্তও আশাবাদী, ‘প্রতিপক্ষ আয়ারল্যান্ড না জিম্বাবুয়ে, তা না ভেবে ভালো ক্রিকেট খেলতে হবে। অবশ্যই আমাদের সামর্থ্য আছে ঘরের মাঠে ভালো ফল করার। এই বছর যে পাঁচ-ছয়টা টেস্ট আছে, প্রতিটিতে ভালো ফল আনা সম্ভব।’
প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই কিনা বাংলাদেশ এবার একটু ভিন্ন পথে হাঁটছে। ঘূর্ণি উইকেটের ফাঁদ নয়, বরং পেস-সহায়ক উইকেটে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জ জানাতে চাইছে তারা। সেটি হলে সিলেট টেস্ট রূপ নিতে পারে ‘ব্যাটল অব পেসে’। সিরিজের আগমুহূর্তে দলের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদকে হারালেও হাসান মাহমুদ, নাহিদ রানা, তানজিম সাকিবকে নিয়ে গড়া পেসত্রয়ী জিম্বাবুয়ের ব্যাটারদের চ্যালেঞ্জ জানানোর যথেষ্ট সামর্থ্য আছে। রানার গতিকে যদিও বড় হুমকি মনে করছে না জিম্বাবুয়ে; বরং তারা ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচিকে নিয়ে গড়া পেস আক্রমণ নিয়ে শান্তদের কঠিন পরীক্ষা নিতে চায়। তাহলে তো রানা-মুজারাবানির গতির রোমাঞ্চ দেখার আশা করাই যায়!
ঘরের মাঠে বাংলাদেশের স্পিন আক্রমণকেও পিছিয়ে রাখার সুযোগ নেই। তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজের মতো অভিজ্ঞরা ভালোই জানেন, ঘরের মাঠে স্পিন ভেলকিতে কীভাবে নাচাতে হয় প্রতিপক্ষের ব্যাটারদের।
তবে এই বাস্তবতা সবারই জানা, এখন বাংলাদেশ-জিম্বাবুয়ের লড়াই আগের মতো ঠিক জমে না! সিরিজের ‘প্রোডাক্ট’ বিক্রি করতে কম কাঠখড় পোড়াতে হয়নি বিসিবির। এই দলটার বিপক্ষে দারুণ কিছু করলে খুব বেশি কৃতিত্ব নেই শান্তদের। তবে হারলে তীব্র সমালোচনা হবে নিশ্চিত। সিলেটেই ২০১৮ সালে জিম্বাবুয়ের কাছে হারের যন্ত্রণা কি ভুলে গেছেন মুশফিকেরা? তবু পরিসংখ্যান-রেকর্ড এক পাশে রেখে ক্রিকেটপ্রেমীরা যখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ‘গরিবের অ্যাশেজ’ দেখার আশায়, তখন চোখ রাঙাচ্ছে বেরসিক আবহাওয়া। সপ্তাহজুড়েই যে সিলেটে বৃষ্টির পূর্বাভাস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে