Ajker Patrika

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক    
মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে
এমবাপ্পের উদযাপন। ছবি: এক্স

মায়ামিতে কাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ফ্রান্সের জন্য চরম নাটকীয়তার। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়া ফরাসিদের ম্যাচে ফেরানোর লড়াইয়ে একা হাতে নেতৃত্ব দিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর তাতেই ওলটপালট হয়ে গেল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে লিওনেল মেসিকে টপকে এককভাবে এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এই ফরাসি ফরোয়ার্ড।

​দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র তিন মিনিটের মাথায় মাইকেল ওলিসের পাস থেকে গোল করে ফ্রান্সের অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের আশা জাগান এমবাপ্পে। এই গোলেই তিনি স্পর্শ করেছিলেন লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড। তবে ফরাসি তারকা সেখানেই থামেননি। ওলিসের আরেকটি দুর্দান্ত পাসে বক্সে বল পেয়ে ইংলিশ গোলরক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করেন তিনি। ব্যবধান ৪-৩-এ নামিয়ে আনার পাশাপাশি বিশ্বকাপের মঞ্চে নিজের ২২তম গোলটি তুলে নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

​এই জোড়া গোলের সুবাদে আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন এমবাপে। একই সঙ্গে উত্তর আমেরিকায় চলমান এই বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়েও মেসিকে (৮ গোল) টপকে গেলেন তিনি; টুর্নামেন্টে এমবাপ্পের গোলসংখ্যা এখন ১০।

​২০১৮ বিশ্বকাপে মাত্র ১৯ বছর বয়সে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন এমবাপ্পে। সেবার টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলার হওয়ার পাশাপাশি ৪ গোল করে ফ্রান্সকে এনে দিয়েছিলেন সোনালি ট্রফি। চার বছর পর কাতার বিশ্বকাপের ফাইনালে অবিশ্বাস্য এক হ্যাটট্রিক করেও অবশ্য মেসিকে থামাতে পারেননি তিনি। টাইব্রেকারে ফ্রান্সকে কাঁদিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন মেসি।

​ক্যারিয়ারের শুরুর দিকে বার্সেলোনার সেই চেনা ছন্দ আর্জেন্টিনার জার্সিতে দেখাতে না পেরে কম সমালোচনা সইতে হয়নি মেসিকে। তবে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে বিশ্বকাপের মঞ্চে নিজের সেরা রূপটি মেলে ধরেন এই মহাতারকা। ২০১৪ ফাইনালে জার্মানির কাছে হারের সেই বুকভাঙা বেদনা ভুলে, ২০২২ বিশ্বকাপে কাতার জয় করে নিজের ফুটবলীয় নিয়তি পূরণ করেন তিনি।

​৩৯ বছর বয়সী মেসি এখন খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। এমবাপ্পের এই নতুন রেকর্ড অবশ্য খুব বেশিদিন স্থায়ী নাও হতে পারে। রোববার ফাইনালে যখন স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিতে মাঠে নামবেন মেসি, তখন এমবাপের ২২ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলার ও আবার এককভাবে চূড়ায় বসার সুযোগ থাকবে আর্জেন্টাইন জাদুকরের সামনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত