
আন্তর্জাতিক ক্রিকেটে খেলা এনামুল হক বিজয়ের কাছে অনেকটা মরীচিকার মতো। যতটা না সুযোগ পেয়েছেন, তার চেয়ে বেশি সময় বাইরে থাকতে হয়েছে তাঁকে। এমনকি কোনো সিরিজের দলে সুযোগ পেলেও একাদশে থাকবেন কি না, সেই নিশ্চয়তা থাকে না।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে যান বিজয়। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’, টি-টোয়েন্টি—সব মিলিয়ে ৫১ সেঞ্চুরি করেছেন তিনি। গত পরশু মিরপুরে স্বীকৃত ক্রিকেটে ৫১তম সেঞ্চুরির দিনে বিজয় আজকের পত্রিকার সঙ্গে যখন কথা বলছিলেন, তখনো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেনি।
সিলেটে পরশু বাংলাদেশ হেরে যাওয়ার দিন বিজয়কে নিয়েই শেষমেশ দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। তবে চট্টগ্রাম টেস্টে একাদশে থাকবেন কি না, তা নিশ্চিত করে বলার উপায় নেই। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেটার বলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছি। কখনো বুঝতে পারিনি, একাদশে থাকছি না কেন; আবার হঠাৎ দলে ডাকও পাচ্ছি। আমি কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। জাতীয় দলে রাখা, না-রাখা সম্পূর্ণ বিসিবির বিষয়। শুধু এটুকু বলতে পারি, নিজের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখিনি। আমি সঠিক ছিলাম। নিজেকে পূর্ণ প্রস্তুত মনে হয়েছে।’
দলে হঠাৎ ডাক পেলেও একাদশে সুযোগ না পাওয়ার ঘটনা বিজয়ের সঙ্গে ঘটেছে। আঙুলের চোটে সাকিব আল হাসানের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর বিজয়কে নেওয়া হয় বিশ্বকাপ দলে। তবে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে বিজয়ের সময় কাটে বেঞ্চে বসে। আরও একটু সুযোগ পেলে ক্যারিয়ারটা অন্য রকম হতে পারত বলে মনে করেন তিনি। বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘বিসিবির সবাইকে আমি শ্রদ্ধা করি। আমার পক্ষে বা বিপক্ষে যে অবস্থানেই থাকুন না কেন। আমি কখনো কাউকে দোষ দিতে চাইনি। জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার বিষয়টাও তাঁদের সিদ্ধান্ত। আমাকে নিয়ে তাঁরা কী ভেবেছেন, সেটি তাঁরাই ভালো জানেন। তবে আমার মনে হয়েছে, যতটুকু সুযোগ পেয়েছি, সেটিকে যথাসাধ্য কাজে লাগানোর চেষ্টা করেছি। যদি আরও ধারাবাহিক সুযোগ পেতাম, হয়তো ছবিটা ভিন্ন হতে পারত।’
বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ বিজয় খেলেছেন ২০২৪-এর মার্চে। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২২ বলে ১২ রান করেছিলেন তিনি। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন এবারের ডিপিএলে। ৮৭৪ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সিতে চারটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে