Ajker Patrika

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা

ক্রীড়া ডেস্ক    
ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা
ম্যাচ শেষে এভাবেই ভেঙে পড়েন নেইমাররা। ছবি: সংগৃহীত

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে হৃদয়ভঙ্গ হয়েছে ভক্তদের। সেলেসাওদের বিদায়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের উত্তাপও যে কমেছে কিছুটা, সেটা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে নজিরবিহীন এক ঘটনার সাক্ষীও হতে যাচ্ছে উত্তর আমেরিকার চলমান বিশ্বকাপ।

বিশ্বকাপ মানেই মাঠে বড় দলগুলোর উপস্থিতি। তবে এবারের বিশ্বকাপ সেই চেনা দৃশ্য বদলে দিয়েছে অনেকটাই। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা হয়নি সর্বাধিক বিশ্বকাপজয়ী তিন দল ব্রাজিল, জার্মানি ও ইতালির।

শেষ ষোলোর ম্যাচে গতকাল দিবাগত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। এর মধ্য দিয়ে ৩৬ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিতে হলো লাতিন আমেরিকার প্রতিনিধিদের।

এর আগে প্যারাগুয়ের কাছে হেরে এবারের বিশ্বকাপের সেরা ৩২ থেকে বিদায় নেয় জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে দুই দল ১-১ সমতায় থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে শেষ হাসি হাসে প্যারাগুয়ে।

অন্যদিকে ইতালির পরিসংখ্যানটা আরও করুণ। এবার বিশ্বকাপের মূল পর্বেই জায়গা করে নিতে পারেনি আজ্জুরিরা। বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ইতালি সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০৬ সালে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচটি শিরোপা জিতেছে তারা। সবশেষ জাপান-কোরিয়ায় হওয়া ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। জার্মানি ও ইতালি চারবার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এই তিন দলের সম্মিলিত বিশ্বকাপ শিরোপা ১৩টি। অথচ ২০২৬ বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে তাদের কেউই নেই—যা বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত