Ajker Patrika

’ভারত যদি ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে পাকিস্তানের বিপক্ষে খেলতে নিষেধ করে, তখন’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৫১
’ভারত যদি  ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে পাকিস্তানের বিপক্ষে খেলতে নিষেধ করে, তখন’
আইসিসি এবং বিসিসিআই নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান ক্রিস শ্রীকান্ত।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ এবং আইসিসি-তে বিসিসিআইয়ের প্রভাব নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইনের করা মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক তারকা ব্যাটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। নাসেরের দ্বিমুখী আচরণের দিকে আঙুল তুলে শ্রীকান্ত মনে করিয়ে দিয়েছেন যে, ইংল্যান্ড নিজেও অতীতে বড় টুর্নামেন্টে রাজনৈতিক কারণে সফর বয়কট করেছিল।

নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি পায়নি বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বাংলাদেশ নাম সরিয়ে নেওয়ার পর পাকিস্তানকে পাশে পেয়েছিল।বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের হুমকির প্রেক্ষিতে আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নাসের। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেছিলেন, ‘আইসিসি মূলত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।’

নানা নাটকীয়তার পর পাকিস্তান তাদের ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধে। নাসেরের পুরোনো কথার প্রসঙ্গে কৃষ্ণমাচারি শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘পাকিস্তান না খেললে সবাই তাদের এড়িয়ে চলত। বিশ্ব ক্রিকেটের দর্শকদের বড় একটা অংশ উপমহাদেশের এই দর্শকেরা। যদি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াকে পাকিস্তানের বিপক্ষে খেলতে নিষেধ করে, তখন কী হবে।’

২০০৩ ওয়ানডে বিশ্বকাপে জিম্বাবুয়েতে ইংল্যান্ড খেলতে না যাওয়ায় ওয়াকওভার পেয়েছিল জিম্বাবুয়ে। ২৩ বছর আগে ইংল্যান্ডের সেই বিশ্বকাপ দলের অধিনায়ক ছিলেন নাসের। ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন শ্রীকান্ত। ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘নাসের হুসেইন ২০০৩ বিশ্বকাপের অধিনায়ক ছিলেন যখন ইংল্যান্ড জিম্বাবুয়ে ও কেনিয়া সফরে যেতে রাজি হয়নি। তখন কেনিয়া ওয়াকওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। আপনাদের জন্য এক নিয়ম আর আমাদের জন্য আরেক নিয়ম? ওই সময়ে তো ক্রিকেটে ইংল্যান্ডের রাজত্ব ছিল।’

আইসিসিকে যে অনেকে ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে থাকেন, সেটা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ওপর বিসিসিআইয়ের ‘খবরদারি’র কারণেই। শ্রীকান্ত বলেন, ‘ইংল্যান্ড বা অন্য কোনো বড় দল যখন প্রভাব খাটায় তখন সেটি নিয়ে কেউ কথা বলে না। আইসিসির আয়ের সিংহভাগ আসে ভারতীয় সমর্থকদের কাছ থেকে। তাই ভারত কিছুটা বাড়তি সুবিধা পেলে সেটা অস্বাভাবিক কিছু নয়।’

কলম্বোর প্রেমাদাসায় পরশু মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। শ্রীকান্তের মতে এই ম্যাচ না হলে শুধু আয়োজকেরা নয়। বরং যাঁরা টিকিট কেটেছেন, তাঁরাও চরম বিপাকে পড়তেন। ক্রিকেটীয় স্বার্থেই পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী এই তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত