Ajker Patrika

ঢাকায় এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার আব্বাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ঢাকায় এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার আব্বাস
ঢাকায় এসেছেন অ্যাডাম আব্বাস। ফাইল ছবি

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ দলকে শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৯ বছর বয়সী এই উইঙ্গার আজ ঢাকায় পৌঁছেছেন। শিগগিরই যশোরে অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা তাঁর।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে যশোরের শামসুল হুদা একাডেমিতে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন অ্যাডাম। ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে হবে বাছাইপর্বের ম্যাচগুলো। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত।

অ্যাডামকে দলে আনতে কয়েক মাস ধরে কাজ করেছে বাফুফের টেকনিক্যাল বিভাগ। গত এপ্রিলেই তাঁর খেলার ভিডিও বিশ্লেষণ করে যোগাযোগ শুরু হয়। এরপর নাগরিকত্ব ও পাসপোর্ট-সংক্রান্ত নথিপত্রসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার বাংলাদেশে এলেন এই তরুণ ফুটবলার।

ইংল্যান্ডে বেড়ে ওঠা অ্যাডামের ফুটবল ক্যারিয়ারের শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। চার বছর সেখানে বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন তিনি। পরে যোগ দেন বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে। চোটের কারণে বার্নলির সঙ্গে তাঁর চুক্তি নবায়ন হয়নি।

উইংয়ে গতি ও আক্রমণ তৈরির দক্ষতার জন্য পরিচিত অ্যাডাম। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তাঁর সক্ষমতা রয়েছে। আক্রমণভাগে একাধিক পজিশনে খেলার সামর্থ্যও রয়েছে তাঁর। এসব গুণ বিবেচনায় তাঁকে অনূর্ধ্ব-২০ দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছে বাফুফে।

এর আগে বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানিয়েছিলেন, অ্যাডামসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে নিয়ে কাজ করছে ফেডারেশন। ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে তাঁদের মধ্যে কারা থাকবেন, সেটি ঠিক করবেন প্রধান কোচ ও টেকনিক্যাল স্টাফ।

বিষয়:

ফুটবল
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত