
সেঞ্চুরির পর তামিম ইকবালের শূন্যে উড়ে উদযাপন। ১৭ বছর আগে তামিমের সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের দৃশ্য দেশের ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে এখনো টাটকা। বাংলাদেশের সাবেক অধিনায়কের ঐতিহাসিক সেঞ্চুরির ভেন্যু লর্ডসে খেলার অপেক্ষা অবশেষে ফুরোচ্ছে। আগামী বছর এই ভেন্যুতে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ নিজেদের ওয়েবসাইটে ২০২৭ সালের ঘরের মাঠের সিরিজের সূচি প্রকাশ করেছে। লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে ২৮ মে। আগামী বছর বাংলাদেশ নারী ক্রিকেট দলকেও আতিথেয়তা দেবে ইংল্যান্ড। সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড নারী ক্রিকেট দল।
বাংলাদেশ-ইংল্যান্ড নারী ক্রিকেট দলের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির প্রত্যেকটিই হবে আলাদা ছয় ভেন্যুতে। নর্দাম্পটনে ৮ সেপ্টেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অপর দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ সেপ্টেম্বর। শেষ দুই টি-টোয়েন্টির ভেন্যু টন্টন ও ওরচেস্টার। টি-টোয়েন্টি সিরিজ শেষে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৭ সেপ্টেম্বর হতে যাওয়া প্রথম ওয়ানডের ভেন্যু হোভ। ক্যান্টারবুরিতে দ্বিতীয় ওয়ানডে হবে ২১ সেপ্টেম্বর। শেষ ওয়ানডের ভেন্যু চেমসফোর্ড। এই ম্যাচ হবে ২৪ সেপ্টেম্বর।
বাংলাদেশের পুরুষ-নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি পাকিস্তান, অস্ট্রেলিয়াকেও আগামী বছর আমন্ত্রণ জানাবে ইংল্যান্ড। পাকিস্তান ছেলেদের ক্রিকেট দল পাঁচ ওয়ানডে খেলবে ইংল্যান্ডে। ছেলেদের অ্যাশেজ, মেয়েদের অ্যাশেজ—উভয়ই হচ্ছে আগামী গ্রীষ্মে। ছেলেদের অ্যাশেজে পাঁচ টেস্ট হবে। নারী অ্যাশেজে এক টেস্টের পাশাপাশি তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি হবে। বাংলাদেশ সিরিজ নিয়ে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, ‘আমরা লর্ডসে এক টেস্টের জন্য বাংলাদেশ ছেলেদের স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত। ২০১০ সালের পর ঘরের মাঠে তাদের বিরুদ্ধে আমাদের প্রথম টেস্ট ম্যাচ। একই সঙ্গে আমরা একটি সাদা বলের সিরিজে বাংলাদেশ নারী দলকেও আতিথেয়তা দেব।’
লর্ডসে ২০১০ সালে তামিম সেঞ্চুরি করেছিলেন ৯৪ বলে। যা এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। তখন বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস আন্তর্জাতিক ক্রিকেটে আসেননি। কালের পরিক্রমায় সেই তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। যদি তিনি মাঠে বসে শান্ত-লিটনদের খেলতে দেখেন, তাহলে নিশ্চয়ই ১৭ বছর আগের সেই স্মৃতি বর্তমান বিসিবি সভাপতিকে উদ্বেলিত করবে।
লর্ডসে এখন পর্যন্ত বাংলাদেশ দুই টেস্ট খেলেছে। ২০০৫ সালে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন বাংলাদেশকে ইনিংস ও ২৬১ রানে হারিয়েছিল ইংল্যান্ড। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মুশফিকুর রহিমের। এরপর ২০১০ সালে বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে। এবার লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু বদলে গেছে। আগামী বছরের ৯ থেকে ১৩ জুন ওভালে হবে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনাল।
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|
| ২৮ মে থেকে ১ জুন | টেস্ট | লর্ডস |
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|
| ৮ সেপ্টেম্বর | প্রথম টি-টোয়েন্টি | নর্দাম্পটন |
| ১০ সেপ্টেম্বর | দ্বিতীয় টি-টোয়েন্টি | টন্টন |
| ১২ সেপ্টেম্বর | তৃতীয় টি-টোয়েন্টি | ওরচেস্টার |
| ১৭ সেপ্টেম্বর | প্রথম ওয়ানডে | হোভ |
| ২১ সেপ্টেম্বর | দ্বিতীয় ওয়ানডে | ক্যান্টারবুরি |
| ২৪ সেপ্টেম্বর | তৃতীয় ওয়ানডে | চেমসফোর্ড |

বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে নতুন করে শুরুর পরিকল্পনায় এগোচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি জার্মানি ও ফ্রান্স। সেই নতুন পথের নেতৃত্ব দিতে যাচ্ছেন আধুনিক ফুটবলের দুই কিংবদন্তি কোচ—ইয়ুর্গেন ক্লপ ও জিনেদিন জিদান...
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোয় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ে লাল কার্ড দেখেছিলেন বালোগান। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তাঁর নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে
৫ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের গল্প ‘শেষ হয়েও না শেষ হওয়া’র মতোই। অনেকের হয়তো মনে হতে পারে, বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটা কি ফের মাঠে গড়াচ্ছে? আসলে তা নয়। ১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনাল ঘিরে চলছে ‘গণস্বাক্ষর কর্মসূচি’। কেউ পুনরায় ম্যাচটা আয়োজনের পক্ষে রয়েছেন। আবার অনেকেই আর্জেন্টিনাকে বিশ্বক
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের আসন্ন আসরে শুরুতেই কঠিন অগ্নিপরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ১২ দলের টুর্নামেন্টে অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশের নাম পড়েছে ‘এফ’ গ্রুপে। নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে ঋতুপর্ণা চাকমাদের মুখোমুখি হতে হবে তিনবারের সোনাজয়ী উত্তর কোরিয়ার। এই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শক্ত
৯ ঘণ্টা আগে