
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে ‘যুদ্ধ’। দুই দেশের ফুটবলার-কোচদের কথাবার্তা তো রয়েছেই, এমনকি দুই দেশের সংবাদমাধ্যমের খবরেও বেজে গেছে যুদ্ধের দামামা। আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল ম্যাচের আগে বিস্ফোরক এক পোস্ট দিয়েছেন।
কোচ লিওনেল স্কালোনি এবং মিডফিল্ডার রদ্রিগো দি পল আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালকে রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে রাখার চেষ্টা করছেন। তবে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিয়ারুয়েলের ভাবনা যে একেবারে ভিন্ন। বিশ্বকাপের দ্বিতীয় সেমির আগে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট গতকাল মধ্যরাতে লিখেছেন, ‘আগামীকাল আমরা দখলদার জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি। এটা আর দশটা ম্যাচের মতো নয়। আমি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার ভান করব না কিংবা অনুভূতিহীনও না।’
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমির আগে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে মূলত ৪৪ বছর আগের এক ঘটনায়। ১৯৮২ সালের এপ্রিলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড ৭৪ দিনব্যাপী যুদ্ধে ৯০৭ মানুষ নিহত হয়েছিলেন। এবার সেমিতে মুখোমুখি হওয়ার আগে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে দিয়েগো ম্যারাডোনার ছেলেও সেই ঘটনার কথা উল্লেখ করেছেন।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের যুদ্ধের প্রেক্ষাপট টেনে এনেছেন ভিয়ারুয়েলও। পাশাপাশি মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ডের যে উত্তপ্ত পরিস্থিতির ইতিহাস রয়েছে, সেটাও উল্লেখ করেছেন তিনি। আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ মানেই সবসময় বাড়তি কিছু। এটা মালভিনাসের স্মৃতি। এটাতে ডিয়েগো জড়িত।’ মালভিনাস বলতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কথা বোঝাতে চেয়েছেন ভিয়ারুয়েল।
৩৯ বছর বয়সী মেসি এই নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। সপ্তম বিশ্বকাপ খেলতে খেলতে তাঁর বয়স হয়ে যাবে ৪৩। মেসি নিজেও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। ভিয়ারুয়েল এক্সে লিখেছেন, ‘লিওর (মেসি) শেষ বিশ্বকাপ, আর এটা আগ্রাসীদের রুখে দাঁড়ানোর লড়াই। আর্জেন্টিনা এগিয়ে চলো। কারণ শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের প্রাপ্য দাবি করে যাব।’
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে যেসব ঘটনা ঘটেছে, তা নজর এড়াচ্ছে না ইংল্যান্ডের কোচ টমাস টুখেলেরও। তবে তাঁর শিষ্যদের এসব থেকে দূরে রাখতে চান তিনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘আমার মতে খেলোয়াড়রা খুব ভালোভাবেই জানে এই ম্যাচের গুরুত্ব কী," এটি এমন একটি ম্যাচ, যা ফুটবল ইতিহাসে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। তাই এটিকে শুধু আরেকটি সাধারণ ফুটবল ম্যাচ বলা যায় না। কিন্তু একজন কোচ হিসেবে আমরা ঠিক উল্টোটা করার চেষ্টা করি। আমরা শুধু সেই বিষয়গুলোর ওপর মনোযোগ দিই যেগুলোর ওপর আমাদের প্রভাব রয়েছে। আমরা অতীতের ঐতিহাসিক ঘটনা বা সেই কিংবদন্তিতুল্য মুহূর্তগুলো নিয়ে কথা বলি না।’
ফকল্যান্ড যুদ্ধের চার বছর পরই আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হয় কোয়ার্টার ফাইনালে। ১৯৮৬ সালে মেক্সিকোর আসতেকায় কোয়ার্টারে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’, ‘গোল অব দ্য সেঞ্চুরি’—দুটি আলোচিত ঘটনা ঘটেছে এই ম্যাচে। এবার আটলান্টায় সেমিফাইনালের আগে ম্যারাডোনার ছেলে মনে করিয়ে দিলেন ৪০ বছর আগের সেই ঐতিহাসিক ম্যাচের ঘটনা। মার্কাকে ম্যারাডোনা জুনিয়র বলেন, ‘১৯৮৬ সালে বাবার সঙ্গে যা ঘটেছিল, সেটাও মনে পড়ে যায় এই ম্যাচ (আর্জেন্টিনা-ইংল্যান্ড) দেখে। সেবার বাবা ঐতিহাসিক ম্যাচ জিতেছিলেন।’
এর আগে বিশ্বকাপের পাঁচ সেমিফাইনাল খেলে প্রত্যেকবারই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। আজ ষষ্ঠ সেমি খেলতে নামছে আলবিসেলেস্তেরা। তবে ম্যাচের আগে আয়োজক শহর আটালান্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ভক্ত-সমর্থকদের মনে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, জর্জিয়া অঙ্গরাজ্যে বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিচ্ছিন্নভাবে বজ্রসহ ঝড় আঘাত হানতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বড় ঝুঁকি বজ্রপাত এবং শহরের কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা।
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ধারাবিবরণীতে আপনাকে স্বাগত। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। প্রতিবারই রোমাঞ্চ ছড়িয়েছে তা। তবে নকআউটে আর্জেন্টিনাকে কখনো হারাতে পারেনি ইংল্যান্ড।
১ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের উচ্ছ্বাস, ভালোবাসা এখন আর বোধ হয় কোনো ফুটবলপ্রেমী আর্জেন্টাইনের কাছেই অজানা নয়। এবারের বিশ্বকাপের কথাই বলি, এখন আর ভেঙেচুরে পরিচয়ও দিতে হয় না। কোথাও বাংলা কথা শুনলেই আর্জেন্টাইনরা দ্রুত বুঝে ফেলে ‘বাংলাদেশের মানুষ’।
৪৪ মিনিট আগে
আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে চমক এনেছেন কোচ লিওনেল স্কালোনি। রদ্রিগো দে পলের জায়গায় দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনেকে সুযোগ দিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তনই আনা
১ ঘণ্টা আগে
মাঠে গড়ার আগেই কথার লড়াইয়ে জমে উঠেছে আর্জেন্টিনা–ইংল্যান্ড দ্বৈরথ। আটলান্টায় রাত ১টায় বিশ্বকাপের সেমিফাইনাল মুখোমুখি হবে দুই দল। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফক্স স্পোর্টসে বিশ্লেষক হিসেবে কাজ করা সাবেক এই সুইডিশ ফুটবলার আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন।
১ ঘণ্টা আগে