Ajker Patrika

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার দুই সমর্থক গোষ্ঠীর সংঘর্ষ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৯: ১১
সেমিফাইনালের আগে আর্জেন্টিনার দুই সমর্থক গোষ্ঠীর সংঘর্ষ
আর্জেন্টিনার দুই ফুটবলক্লাবের সমর্থকগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ইংল্যান্ড। হাইভোল্টেজ এই ম্যাচ মাঠে গড়াতে যখন হাতে গোনা কয়েক ঘণ্টা বাকি, সেই মুহূর্তে আটলান্টার পরিবেশ। আর্জেন্টিনার দুই ফুটবল ক্লাবের ভক্ত-সমর্থকেরা সংঘর্ষে জড়িয়েছেন।

আটলান্টায় গতকাল স্থানীয় সময় রাতে আর্জেন্টিনার পতাকা উত্তোলনের সময় আর্জেন্টাইন দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব সান লরেনৎসো ও হুরাকান সমর্থকগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। টিওয়াইসি স্পোর্টসের আজকের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মারামারির আগে দুই পক্ষের মধ্যে অনলাইনে অনেক কথা কাটাকাটি চলছিল। চেয়ার ছোড়াছুড়ির পাশাপাশি এক পক্ষের সমর্থকেরা অন্যদের ঘুষিও মেরেছেন। গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। যদিও সংখ্যাটা বলা হয়নি।

হুরাকান সমর্থক গোষ্ঠীর মধ্যে প্লাজা হোসে সি. পাস শাখার সদস্যরাও ছিলেন, যার মধ্যে নেতা কোনে দে রেসপিনিসের আত্মীয়স্বজনও ছিলেন। তবে গৃহবন্দি থাকার কারণে তিনি সফরে যেতে পারেননি। এছাড়া সেবাস্তিয়ান পেরোনের নেতৃত্বাধীন পাগোলা গোষ্ঠী এবং দীর্ঘদিনের নেতা বোকোন এমিলিয়ানো ও অ্যানিমালও এতে যুক্ত ছিলেন। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিপক্ষকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছিলেন।

অপরপক্ষে ছিল লা বুত্তেলের গ্রুপ। টিওয়াইসি স্পোর্টস বিশ্বকাপ শুরুর আগেই প্রতিবেদনে জানিয়েছিল, এই গ্রুপে রয়েছেন ২৪ সদস্য। তাঁদের মধ্যে পাবলো আকোস্তা , দারিও গোমেস রাশিয়ায় ঘটে যাওয়া সংঘর্ষেও জড়িত ছিলেন। এ ছাড়া সামনের সারির সদস্যদের মধ্যে ছিলেন মিশেল গাব্রিয়েলে, ক্রিস্তিয়ান তোবিও, সেবাস্তিয়ান ফারে এবং ফেদেরিকো স্কোরদামালিয়া। তাঁরা শুধু রাস্তায়ই নন। স্টেডিয়ামেও সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

তবে হুরাকান ও সান লরেনৎসোর ভক্ত-সমর্থকদের মধ্যে আগে কোনো সংঘর্ষ ঘটেনি। কারণ, তাঁরা একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে অবস্থান করছিলেন। আগে থেকেই বৈরী সম্পর্ক থাকায় স্টেডিয়ামেও তাদের আলাদা আলাদা সেকশনে টিকিট দেওয়া হয়েছিল। লা বুত্তেলের গ্রুপের সদস্যরা হোসে সি. পাস গোষ্ঠীর চেয়ে স্টেডিয়ামে আরও ভালো আসনের টিকিট পেয়েছিলেন। তবে ইংল্যান্ডের ভক্ত-সমর্থকদের মধ্যে এমন সংঘর্ষের ঘটনা ঘটেনি।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ রাজনৈতিকভাবেও উত্তপ্ত। গত কয়েক দিনের আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে পাওয়া গেছে বৈরিতার আভাস। এই ম্যাচ সামনে রেখে আটলান্টা পুলিশও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এমনকি আর্জেন্টিনার সরকারও চিন্তিত।

এর আগে বিশ্বকাপের পাঁচ সেমিফাইনাল খেলে প্রত্যেকবারই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। আজ ষষ্ঠ সেমি খেলতে নামছে আলবিসেলেস্তেরা। তবে ম্যাচের আগে আয়োজক শহর আটালান্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ভক্ত-সমর্থকদের মনে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, জর্জিয়া অঙ্গরাজ্যে বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিচ্ছিন্নভাবে বজ্রসহ ঝড় আঘাত হানতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বড় ঝুঁকি বজ্রপাত এবং শহরের কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত