Ajker Patrika

লিটনের কথায় অসন্তুষ্ট সুজন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ২১: ৪৩
লিটনের কথায় অসন্তুষ্ট সুজন
লিটন দাসের কথায় অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।

শ্রীলঙ্কার কাছে হারের আগে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে। হাতের নাগালে থাকা ম্যাচ মোস্তাফিজুর রহমান ২ ওভারে ৪১ রান দিয়ে সেমিফাইনাল ম্যাচটা তুলে দিয়েছেন পাকিস্তানের কাছে। তাছাড়া বৃষ্টির কারণে দীর্ঘদিন রুমে বসে ছিলেন বলে তাঁদের অনুশীলন ভালো হয়নি বলে দাবি করেছিলেন লিটন। আজ সাংবাদিকদের সুজন বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটারের তো এরকম কথা বলারই কথা না আসলে। মানে আমরা তো নিয়মিত অনুশীলন করি ভালো খেলতে। খারাপ তো খেলতেই পারি। প্রত্যেক খেলোয়াড় তো প্রতিদিন ভালো খেলবে না। কিন্তু খেলা হয়নি বলে যে খারাপ খেলছি, অনেকদিন মাঠে নাই বলেই খারাপ খেলছি, এটা যুক্তিসঙ্গত মনে হয় না।’

জাপান সফরের আগে লিটন-তানজিদ হাসান তামিম-সাইফ হাসান-মোস্তাফিজুর রহমানরা দুই ভাগে ভাগ হয়ে খেলেছেন। এশিয়াডে ফাইনাল খেলার স্বপ্নের কথা বলেছিলেন লিটন। কিন্তু ফাইনাল তো দূরে থাক, ব্রোঞ্জ পদকও পাওয়া হলো না বাংলাদেশের। এমনকি যে দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন লিটন, করেছেন মাত্র ২ রান। যার মধ্যে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে আউট হয়েছেন।

দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ লিটনের ম্যাচ শেষে কথাবার্তা কেবল সুজনের কাছে অজুহাতই মনে হয়েছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের পরামর্শক আজ বলেন, ‘কথায় যুক্তি তো থাকতে হবে। অনুশীলন করে ম্যাচ খেলেছে তারা। ঢাকাতে অবশ্যই অনুশীলন করেছে। অনুশীলন ম্যাচে অবশ্যই মূল ম্যাচের আদলে অনুশীলন তো নিশ্চয়ই হয়েছে। আর আন্তর্জাতিক ক্রিকেট যেহেতু দীর্ঘদিন খেলছে সে (লিটন), তার এখানে অভ্যস্ত হওয়ার কথা।’

এশিয়ান গেমস ক্রিকেটে নিশিনের উইকেটের কিউরেটর ছিলেন গামিনী ডি সিলভা। এই গামিনী দীর্ঘ একটা সময় বিসিবিতে ছিলেন। যেহেতু জাপান এশিয়ারই একটা দেশ, সুজনের মতে বাংলাদেশ দলের ভালো করা উচিত ছিল এশিয়াডে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের পরামর্শক বলেন, ‘আমার মতে কন্ডিশন তো খুব একটা খারাপ ছিল না। নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের মতো ঠাণ্ডা কন্ডিশন কিংবা অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে খেলা তো হয়নি। আমাদের মতোই উইকেট ছিল সেখানে (নিশিন)। আমার কাছে এটা স্রেফ একটা অজুহাত। ভালো যে খেলতে পারিনি, এটা স্বীকার করতে হবে।’

এশিয়ান গেমস ক্রিকেটে সর্বপ্রথম বাংলাদেশ স্বর্ণপদক পেয়েছে ২০১০ সালে। সেবার আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। ২০২৩ সালে হাংঝুতে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। তবে এবার সেটাও জিততে পারল না বাংলাদেশ। মোস্তাফিজ ২ ওভারে ৪১ রান দিয়ে পাকিস্তানের হাতে সেমিটা একরকম তুলে দিয়ে আসেন। গতকাল ফাইনালেও এক ওভারে ২৫ রান দিয়েছেন। পাশাপাশি টপ অর্ডারের তিন ব্যাটার লিটন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান শূন্য রানে আউট হয়েছেন। ক্রিকেট, ফুটবলসহ সব খেলা মিলে বাংলাদেশ এবারের এশিয়াডে মাত্র একটা পদক পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত