
প্রায় তিন বছর পর ব্রাজিলের হয়ে মাঠে ফিরলেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে টানা চতুর্থ বিশ্বকাপে খেলার কীর্তি গড়লেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তাঁর আবেগঘন প্রতিক্রিয়া। দীর্ঘ ৯৮১ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দায়িত্বে ফিরে চোখের জল ধরে রাখতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচের আগে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছিলেন, নেইমারকে খেলানো হবে। তবে শুরুতে বেঞ্চেই ছিলেন সান্তোস তারকা। ম্যাচের ৭৬তম মিনিটে মাথিয়াস কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন। তাঁকে মাঠে নামতে দেখেই গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। করতালিতে স্বাগত জানানো হয় নেইমারকে।
চোট ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার কারণে অনেকদিন জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। ডান পায়ের পেশিতে চোটের কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর সম্প্রতি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছিলেন। সেই প্রত্যাবর্তনের ধারাবাহিকতায় বিশ্বকাপে আবারও ব্রাজিলের জার্সি গায়ে তুললেন সাবেক অধিনায়ক।
ম্যাচে নেইমার সময় পেয়েছেন অল্পই। কিন্তু এটা ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত। শেষ বাঁশি বাজার পর আবেগে ভেঙে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে নেইমারকে কাঁদতে দেখা যায়। জাতীয় দলে ফেরার পেছনের দীর্ঘ সংগ্রাম, চোট আর অপেক্ষার গল্প যেন সেই মুহূর্তে ফুটে ওঠে তাঁর অভিব্যক্তিতে। পরে মাঠের পাশে স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা হলে আবেগঘন সেই দৃশ্য আনন্দে রূপ নেয়।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার বলেন, ‘আমি অবশ্যই এই দিনটিকে আমার জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর একটি হিসেবে বিবেচনা করতে পারি। কারণ ব্রাজিল জাতীয় দলের জার্সি পরা প্রতিটি ছেলের স্বপ্ন। আমি দীর্ঘ সময় এই জার্সি পরেছি, এখানেই চোট পেয়েছিলাম, অনেক দিন দূরে ছিলাম। আমি এটাকে ভীষণভাবে মিস করেছি এবং ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। আজ প্রায় তিন বছর পর আবার ফিরতে পেরেছি। আমি খুবই সুখী, আনন্দিত এবং আবেগাপ্লুত। সত্যিই আবেগে ভেসে গিয়েছিলাম।’
ড্রেসিংরুমে ফিরে গিয়েও কেঁদেছেন নেইমার, ‘ড্রেসিংরুমে একা বসে কেঁদেছি, কারণ আবার এসব অনুভূতি ফিরে পাওয়া ছিল এক বিশাল স্বস্তি। জাতীয় দলের জার্সি পরা, বিশ্বকাপে খেলা, এমনকি একদিন বিশ্বকাপ জেতা—এসবই সবসময় আমার স্বপ্ন ছিল। এই অভিজ্ঞতা অসাধারণ। আমাকে উৎসাহ দেওয়া প্রতিটি ব্রাজিলিয়ানকে এবং বিশেষ করে আমার পরিবারকে ধন্যবাদ জানাই।’

গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে আর কোনো ভুলের সুযোগ নেই। কারণ, হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে একরকম হুংকারই ছুড়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।
২ মিনিট আগে
আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্যাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা
৩৭ মিনিট আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
১ ঘণ্টা আগে
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে যায় দক্ষিণ কোরিয়ার। দলের বাজে পারফরম্যান্সে দেশটির রাষ্ট্রপতি লি-জি মিউং কড়া সমালোচনা করেছেন। এমন অবস্থায় দ্রুতই পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়া কোচ হং মিউং-বো।
২ ঘণ্টা আগে