Ajker Patrika

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের খবর

আইসিসির ইভেন্ট সরে যেতে পারে ভারত-বাংলাদেশ থেকে

ক্রীড়া ডেস্ক    
আইসিসির ইভেন্ট সরে যেতে পারে ভারত-বাংলাদেশ থেকে
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত ও বাংলাদেশ। ফাইল ছবি

ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব এখন ক্রিকেটেও স্পষ্ট। ২০১৩ সালের পর থেকে দ্বিপাক্ষীক সিরিজ খেলে না দুই প্রতিবেশী দেশ। এমনকি আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টেও একে অন্যের দেশে খেলতে যায় না তারা। তারই প্রভাবে দুটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক স্বত্ব হারানোর শঙ্কায় পড়ে গেছে ভারত।

২০২৯ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ভারত। এরপর বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে তারা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য এজ জানিয়েছে, এশিয়ান দেশটি থেকে দুটি টুর্নামেন্টেই সরিয়ে নেওয়ার বিষয়ে ভাবছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে চুক্তি অনুযায়ী, কোনো বৈশ্বিক টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে গিয়ে খেলবে না। ভারত থেকে আইসিসির দুটি টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার ভাবনার মূল কারণ এটাই।

এই চুক্তির ফলে ভারত ও পাকিস্তানের জন্য অতিরিক্ত ভ্রমণের ব্যবস্থা করতে হয়। পাশাপাশি হোটেল এবং অন্যান্য লজিস্টিক জটিলতা তো আছেই। তাতে বাড়তি খরচ করতে হচ্ছে আইসিসিকে। সব মিলিয়ে ভারত-পাকিস্তানের এই দ্বন্দ্বে রীতিমতো বিরক্ত হয়ে ওঠেছে আইসিসি– দাবি দ্য এজের।

২০২৭ সাল পর্যন্ত একে অপরের দেশে গিয়ে না খেলার চুক্তি করেছে ভারত-পাকিস্তান। পরিস্থিতি বলছে, এই ব্যবস্থা চলবে সামনের দিনগুলোতেও। প্রতিবেদনে দ্য এজ আরও জানিয়েছে, এই দুই দেশের জন্য বিশেষ ব্যবস্থায় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে না আইসিসি। শেষ পর্যন্ত ভারত থেকে চ্যাম্পিয়নস ট্রফি এবং ওয়ানডে বিশ্বকাপ সরে গেলে আয়োজনের দৌঁড়ে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া– দাবি দেশটির সংবাদমাধ্যমের। তবে ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার পরিকল্পনায় আইসিসি সফল হয় কি না সেটা সময়ই বলে দেবে।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে তাদের সবগুলো ম্যাচ দুবাইতে আয়োজন করেছে আইসিসি। একইভাবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে কলম্বোতে যেতে হয়েছে সূর্যকুমার যাদবের দলকে। এত দিন কেবল ভারত-পাকিস্তানের মধ্যে এই দ্বন্দ্ব থাকলেও নতুন করে সেখানে যোগ হয়েছে বাংলাদেশের নাম। মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার ঘটনায় নিরাপত্তার বিষয়টি সামনে এনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসায় টি-টোয়েন্টি বিশ্বকাপই খেলা হচ্ছে না বাংলাদেশের। ‘সি’ গ্রুপে দলটির পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এই ঘটনা সেখানেই থেমে থাকেনি। বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দেয় পাকিস্তান সরকার। তাতে জল গড়িয়েছে অনেকদূর। দফায় দফায় বৈঠকের পর পাকিস্তানকে এই সিদ্ধান্ত থেকে সরিয়ে এনেছে আইসিসি। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের বিষয়টি মাথায় রেখে জটিলতা এড়াতে এখন থেকে কোনো টুর্নামেন্ট আয়োজনে সেভাবেই সিদ্ধান্ত নেবে আইসিসি– বলা হয়েছে দ্য এজের ওই প্রতিবেদনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কলকাতায় গায়কসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজের হাতে এক মন্ত্রণালয় ও দুই বিভাগ রাখলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেকের পিএস আশরাফ রেজা ফরিদী, এপিএস মামুন শিবলী

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ফিরল অলিখিত রেওয়াজ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত