
ক্যাচ মিস তো ম্যাচ মিস—আজ ম্যানচেস্টারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ-ভারত ম্যাচ দেখে এই প্রবাদ মনে পড়াটাই স্বাভাবিক। হাতের নাগালে থাকা ক্যাচ ফসকানোর খেসারত দিতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশকে। ভারতের কাছে জ্যোতির দল হেরে গেল ৫ উইকেটে।
সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশের এখন গ্রুপ পর্বের বাকি থাকা সব ম্যাচই জিততে হবে। কিন্তু আজ ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি জ্যোতির দল। ৫ উইকেটে হেরে সেমির লড়াই থেকে একরকম ছিটকে গেল বাংলাদেশ। ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে জ্যোতির দল জিতলেও থাকবে অনেক ‘যদি-কিন্তু।’
১৩৭ রানের লক্ষ্যে নেমে দলীয় ৫ রানেই ভারত হারাতে পারত প্রথম উইকেট। ইনিংসের চতুর্থ বলে মারুফা আক্তারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে যান শেফালি ভার্মা। কিন্তু উইকেটরক্ষক জ্যোতি ডানদিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। বাংলাদেশ পেসার মারুফার আফসোসই বলে দিচ্ছিল কত বড় ভুল তাঁরা করেছেন।
৪ রানে বেঁচে যাওয়া শেফালি এরপর তাণ্ডব চালাতে থাকেন। ১৮ বলে ৩১ রানের জুটি গড়েন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি। তৃতীয় ওভারের শেষ বলে মান্ধানাকে (৮) ফেরান মারুফা। দ্বিতীয় উইকেটে এরপর ৩৪ বলে ৪৫ রানের জুটি গড়েন যস্তিকা ভাটিয়া ও শেফালি। নবম ওভারের চতুর্থ বলে শেফালিকে ফেরান নাহিদা আক্তার। যে জ্যোতি শুরুতে ক্যাচ ছেড়েছিলেন, এবার তিনি করেছেন স্টাম্পিং। ৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন ভারতীয় এই বাঁহাতি ব্যাটার।
শেফালি ফেরার পর ভারতের স্কোর হয়ে যায় ৮.৪ ওভারে ২ উইকেটে ৭৬ রান। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। যস্তিকা (২৩) ও রিচা ঘোষকে (১০) হারিয়ে ভারত ১২.৪ ওভারে ৪ উইকেটে ৯৮ রানে পরিণত হয়। মাঝে দশম ওভারের প্রথম বলে যস্তিকার কট এন্ড বোল্ড সুযোগ হাতছাড়া করেন রাবেয়া খান। তখন অবশ্য যস্তিকার রান ছিল ১৪।
যস্তিকার ক্যাচ মিস তেমন খরুচে না হলেও বাংলাদেশ ১৪তম ওভারের সময় যা করল, তা ব্যাখ্যাতীত। সে ওভারের তৃতীয় বলে নাহিদাকে মিড উইকেটে ঠেলেন হারমানপ্রীত। ভারতীয় অধিনায়ক প্রথমে রানের জন্য এগোলেও দৌড় দেননি। কিন্তু নন স্ট্রাইকপ্রান্তের জেমিমা রদ্রিগেজ দৌড়ে স্ট্রাইকপ্রান্তে অনেকটা এগিয়ে এসেছিলেন। পরবর্তীতে জেমিমা যখন ফিরছিলেন, হারমানপ্রীতও সতীর্থের বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু মিড উইকেট থেকে থ্রো করা বল নাহিদা নন-স্ট্রাইকপ্রান্তে লাগানোর সুযোগ পেলেও রানআউট করতে পারেননি।
১০৩ রানে যেখানে পড়তে পারত পঞ্চম উইকেট, সেই উইকেট পড়েছে ১২৮ রানে। পঞ্চম উইকেটে ২০ বলে ৩০ রানের জুটি গড়েন হারমানপ্রীত ও জেমিমা। ১৬তম ওভারের চতুর্থ বলে জেমিমার উইকেট রিতু মনি নিলেও কোনো উচ্ছ্বাস ছিল না বাংলাদেশ দলের।
১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করে জেমিমা ফেরার পর ভারতের দরকার পড়ে ২৭ বলে ৯ রান। বাকি পথটুকু নিরাপদে পাড়ি দেন হারমানপ্রীত ও দীপ্তি শর্মা। ১৭তম ওভারের পঞ্চম বলে নাহিদাকে লং অন দিয়ে চার মেরে ভারতকে ৫ উইকেটের জয় এনে দেন দীপ্তি। তখনো ইনিংসের ১৯ বল বাকি।
ভারতের ১৩৯ রানের মধ্যে ৫৩ রান আসে শেফালির ব্যাটে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনিই। বাংলাদেশের রিতু মনি ৪ ওভারে ২৯ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মারুফা, রাবেয়া ও নাহিদা।
এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে করে ১৩৭ রান। ভারত চার ক্যাচ মিস করলেও জ্যোতির দল সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করেন জুয়াইরিয়া। ৩১ বলের ইনিংসে মেরেছেন ৫ চার। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক জ্যোতি। ভারতের বাঁহাতি স্পিনার রাধা যাদব ৪ ওভারে ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।
৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ গ্রুপ ওয়ানের পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে। দক্ষিণ আফ্রিকারও পয়েন্ট ৪। তবে নেট রানরেটের কারণে তাদের অবস্থান ভিন্ন। তিন ও চারে থাকা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের নেট রানরেট -০.৫৪৬ ও -০.৮৪৯। ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে ভারত।
কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপ ওয়ানের পাকিস্তান ও নেদারল্যান্ডস পাঁচ ও ছয়ে অবস্থান করছে। দুই দলই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তারা প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।

তবে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে অর্থও বড় বিষয়। এত বড় দলের সফর ও ম্যাচ আয়োজন করতে বিপুল অর্থ প্রয়োজন হবে। এ বিষয়ে সরকারের সহযোগিতা নেওয়ার কথা জানিয়েছেন শাহীন, ‘ভালো কোনো উদ্যোগের জন্য অর্থ তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাদের সভাপতি নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। ক্রীড়ামন্ত্রী ও সরকারের পক্ষ থেকেও সহায়তা নেওয়া হ
৫ মিনিট আগে
ম্যাকাইতে গতকাল মাত্র দুই দিনে শেষ হওয়া দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-লিটন দাসরা ব্যর্থ হলেও একই দেশে বাংলাদেশের আরেক দল হাইপারফরম্যান্সের (এইচপি) জয়রথ ছুটছে। হ্যাটট্রিক জিতেছে এইচপি।
২৮ মিনিট আগে
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.১২ ধারা ভঙ্গ করায় এই শাস্তি দেওয়া হয়েছে। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়, খেলোয়াড় সহায়ক কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কারও সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ সম্পূর্ণ নিষিদ্ধ।
৩১ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের উজবেকিস্তান সফর সামনে রেখে মাঠের প্রস্তুতির চেয়ে এখন বেশি আলোচনা কোচিং স্টাফের দ্বন্দ্ব নিয়ে। দলের প্রধান কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে। এর মধ্যে ঢাকার টিম হোটেলে দুজনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে পুল
১ ঘণ্টা আগে