Ajker Patrika

‘এই আর্জেন্টিনার প্রতি ভয় থাকা ভালো’

ক্রীড়া ডেস্ক    
‘এই আর্জেন্টিনার প্রতি ভয় থাকা ভালো’
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে জায়গা করে নিয়েছে মেসিরা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনাকে নিয়ে স্পেনকে সতর্ক করেছেন স্প্যানিশ ক্রীড়া বিশ্লেষক ডেভিড সানচেজ। তাঁর মতে, লুইস দে লা ফুয়েন্তের দল ফাইনালের ফেবারিট হলেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বাড়তি সতর্কতা প্রয়োজন।

লা ত্রিবু অনুষ্ঠানে ফাইনাল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে দেসপিয়ের্তা সান ফ্রান্সিসকোর উপস্থাপক সানচেজ বলেন, ‘আগামী রোববারের ম্যাচকে সামনে রেখে স্পেনপন্থীদের মধ্যে এক ধরনের ভয় লক্ষ্য করা যাচ্ছে। আর আমি তাদের একজন, যারা মনে করেন আর্জেন্টিনার এই দলের প্রতি কিছুটা ভয় থাকা ভালো।’

আর্জেন্টিনাকে সমীহ করলেও স্পেনের সামর্থ্য নিয়েও আত্মবিশ্বাসী সানচেজ। তাঁর মতে, খেলার মান ও দলগত ভারসাম্যের কারণে ফাইনালে এগিয়ে থাকবে লা ফুয়েন্তের দল, ‘ফাইনালে প্রতিপক্ষ কে হচ্ছে, সেটা জানার আগেও আমি যা ভাবছিলাম, এখনো সেটাই মনে করি। স্পেন আর্জেন্টিনার চেয়ে অনেক ভালো দল। লুইস দে লা ফুয়েন্তের দল লিও মেসির দলের চেয়ে অনেক ভালো ফুটবল খেলে।’

এবারের বিশ্বকাপে মিসর ও ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নেয় আর্জেন্টিনা। লাতিন আমেরিকান প্রতিনিধিদের এই বৈশিষ্ট্য নিয়েই যত চিন্তা সানচেজের। তিনি বলেন, ‘আর্জেন্টিনা ফুটবল খেলতে জানে এবং অন্য ধরনের ফুটবলও খেলতে জানে। যে ধরনের ফুটবলে স্পেনকে আলবিসেলেস্তেদের মতো এতটা দক্ষ মনে হয় না।’

সানচেজের বিশ্বাস, ম্যাচ স্বাভাবিকভাবে এগোলে স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনাই বেশি। এ জন্য রদ্রির দলকে স্বাভাবিক ফুটবল খেলার তাগিদ দিলেন তিনি, ‘যদি সবকিছু স্বাভাবিকভাবে এগোয়, তাহলে যুক্তিসংগতভাবে কল্পনা করা যায়—স্পেনের অধিনায়কই নিউইয়র্কে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবেন।’

সবশেষে স্পেনকে ফেবারিট হিসেবে রাখলেও আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে সতর্কবার্তাই দিয়েছেন সানচেজ, ‘আমার কাছে এখনো স্পেনই ফেবারিট, তবে আমি মেসি ও আর্জেন্টাইনদের একটুও বিশ্বাস করি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত