
অথচ ম্যাচটি খেলতে চায়নি কেউই, কিন্তু নিয়মরক্ষা তো করতে হবে। তা করতে গিয়ে দেখা মিলল গোলবন্যার। হ্যাটট্রিক, ইতিহাস, ঘুরে দাঁড়ানোর বার্তা সব মিলিয়ে যেন ফাইনালের আবহ। তবু ম্যাচটি হয়ে থাকল তৃতীয় স্থান নির্ধারণীর। যেখানে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের মঞ্চে এটিই ইংলিশদের সেরা সাফল্য।
মায়ামিতে ম্যাচের শুরু থেকেই ফরাসি রক্ষণভাগের ওপর ছড়ি ঘোরাতে থাকে ইংল্যান্ড। রেফারির বাঁশি বাজার মাত্র ৩ মিনিটের মাথায় ফরাসি মিডফিল্ডার দেজিরে দুয়ের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে ডেক্লান রাইস চমৎকার এক শটে পরাস্ত করেন গোলরক্ষক মাইক ম্যানিয়াকে। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই ১৯ মিনিটে রাইসের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কোনসা। এরপর শুরু হয় সাকা-ঝড়। ৩৭ মিনিটে ফরাসি ডিফেন্ডারের গায়ে লেগে সাকার শট জালে জড়ালে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় থ্রি লায়নরা। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১ মিনিট) এবারন এজের পাস থেকে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে ফ্রান্সকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন এই আর্সেনাল উইঙ্গার। ৪-০ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় টুখেলের শিষ্যরা।
তবে বিরতির পর দিদিয়ের দেশমের ফ্রান্স যেভাবে ঘুরে দাঁড়ানোর গল্প লিখল, তা যেকোনো রোমাঞ্চকর সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই একসঙ্গে চার পরিবর্তন এনে অল-আউট আক্রমণের কৌশল নেন ফরাসি কোচ। ম্যাচের ৪৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পে একক নৈপুণ্যে গোল করে ফরাসি দলে প্রাণ ফেরান। এর মাত্র ছয় মিনিট পর, ৫৪ মিনিটে বদলি নামা ব্র্যাডলি বারকোলা ব্যবধান ৪-২ এ নামিয়ে আনলে কাঁপন ধরে ইংলিশ ডিফেন্সে। ৬৬ মিনিটে মাইকেল ওলিসের অ্যাসিস্ট থেকে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-৩। বিশ্বকাপে এটি তাঁর রেকর্ড ২২ ও চলতি আসরে দশম গোল।একপর্যায়ে ম্যাচটি সম্পূর্ণ ফ্রান্সের নিয়ন্ত্রণে চলে যায় এবং সমতায় ফেরার তীব্র সম্ভাবনা তৈরি হয়।
ম্যাচের শেষ ১০ মিনিট রূপ নেয় চূড়ান্ত স্নায়ুযুদ্ধে। ৮৭ মিনিটে চরম উত্তেজনার মুহূর্তে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে ৫-৩ ব্যবধানে এগিয়ে নেন বুকায়ো সাকা। কিন্তু নাটকের শেষ অঙ্ক তখনও বাকি ছিল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে (৯০+৬ মিনিট) উসমান দেম্বেলে দুর্দান্ত এক বাঁকানো শটে গোল করে ফ্রান্সের আশা বাঁচিয়ে রাখেন। সমতায় ফিরতে ফরাসিরা যখন তাদের সব শক্তি নিয়ে অল-আউট আক্রমণে, ঠিক তখনই কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯০+৮ মিনিট) ফরাসি ডিফেন্ডার ম্যাক্সেন্স ল্যাক্রুয়েকে বোকা বানিয়ে বল জালে জড়ান জুড বেলিংহাম। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ৬-৪ গোলের এক ঐতিহাসিক জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

প্লেয়ার্ডের আয়োজনে এবং অ্যারোব্যাটের সহযোগিতায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘গোল ব্যাটলস ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপ’ শেষ হয়েছে। গতকাল উত্তরায় অনুষ্ঠিত সেন্টারপয়েন্টে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২০০-এরও বেশি ফুটবলপ্রেমী অংশগ্রহণ করেন।
১১ মিনিট আগে
তবে সব চাপ ও বিতর্ক সামলে পরের বৈধ বলেই কাভারের ওপর দিয়ে চার মেরে ম্যাচ শেষ করেন মেহেদী। ২ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। আর ৫৭ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তানজিদ।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার মহারণের আগে নিজের ভবিষ্যদ্বাণী জানিয়ে দিলেন রোনালদো নাজারিও। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারের বিশ্বাস, ফাইনালে লিওনেল মেসিদের সহজেই হারিয়ে বিশ্বকাপ জিতবে লুইস দে লা ফুয়েন্তের দল।
৫ ঘণ্টা আগে
লুইস দে লা ফুয়েন্তের কাছে প্রশ্নটা ছিল অনুমিতই—বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিকে কীভাবে থামাবে স্পেন? উত্তরে স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, তাঁর পরিকল্পনার কেন্দ্রে নেই কোনো একক খেলোয়াড়। বরং পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আর্জেন্টিনার অধিনায়ককে আটকে রাখতে চান তিনি।
৭ ঘণ্টা আগে