Ajker Patrika

ভবিষ্যতে কেমন হবে সৌরজগতের পরিণতি

ফিচার ডেস্ক
ভবিষ্যতে কেমন হবে সৌরজগতের পরিণতি

পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৬০০ আলোকবর্ষ দূরে আছে জে১৩২৮-১৪৫০ নামের একটি মৃত নক্ষত্র বা শ্বেত বামন। এর চারপাশে ধূলিকণা ও গ্যাসের এক অদ্ভুত বলয় বা রিং আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সূর্যের মতো কোনো নক্ষত্রের জীবন যখন ফুরিয়ে আসে, তখন ঠিক কী ঘটে, তা এই আবিষ্কারের মাধ্যমে পরিষ্কার হয়ে উঠেছে। পাশাপাশি এটি সৌরজগতের সুদূর ভবিষ্যতের একটি সম্ভাব্য চিত্রও তুলে ধরেছে।

যা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা

সূর্যের মতো একসময় জে১৩২৮-১৪৫০ নামের এই মৃত নক্ষত্রেরও নিজস্ব গ্রহ ছিল। কিন্তু কোটি কোটি বছর আগে সেটি হারিয়ে যাওয়ার সময় তার ভেতরের গ্রহগুলো প্রচণ্ড বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায়। সাধারণত মৃত নক্ষত্রের চারপাশে এমন ধ্বংসাবশেষের একটিমাত্র রিং দেখা যায়। কিন্তু বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন, এই নক্ষত্রকে ঘিরে দুটি আলাদা রিং বা বলয় ঘুরছে। গবেষকদের ধারণা, নক্ষত্রের ওই মৃত্যুর মধ্যেও বেঁচে যাওয়া প্লুটোর মতো ছোট আকারের দুটি পাথুরে গ্রহাণু বা টুকরো এখনো রিং দুটির ভেতর টিকে আছে। তাদের মহাকর্ষের টানেই ধূলিকণাগুলো দুটি সুন্দর রিংয়ে ভাগ হয়ে গেছে। মজার ব্যাপার হলো, দুটি রিংয়ের উপাদানেও কিছুটা তফাত রয়েছে, যেমন ভেতরের রিংয়ের তুলনায় বাইরের রিংয়ে ম্যাগনেশিয়ামের পরিমাণ কম।

সৌরজগতের সঙ্গে এর সম্পর্ক

আজ থেকে প্রায় ৫ বিলিয়ন বা ৫০০ কোটি বছর পর আমাদের সূর্যও তার জ্বালানি ফুরিয়ে একসময় বিশালাকার এক নক্ষত্র বা লোহিত দানবে পরিণত হবে। তখন বুধ ও শুক্র গ্রহ পুরোপুরি পুড়ে ছাই হয়ে যাবে। পৃথিবী বেঁচে থাকবে কি না, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দ্বিমত আছে। তবে বৃহস্পতি বা শনির মতো দূরের গ্রহগুলোর বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি। সূর্য যখন একসময় সংকুচিত হয়ে আজকের এই মৃত নক্ষত্রের মতো ‘শ্বেত বামন’-এ পরিণত হবে, তখন সৌরজগতের বেঁচে যাওয়া টুকরাগুলো সূর্যের খুব কাছে এসে একইভাবে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। তখন আমাদের চিরচেনা এই সৌরজগতের অবশেষ দিয়েও হয়তো এমন চমৎকার রিং তৈরি হবে! বিজ্ঞানীদের এই আবিষ্কার মহাকাশের এক রহস্য উন্মোচনের পাশাপাশি আমাদের ভবিষ্যতের একটি ছোট্ট ঝলকও বটে।

সূত্র: রয়টার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত