কোনো পূর্বধারণা ছাড়া হঠাৎ করে শূন্য থেকেই ধ্বংস হতে পারে মহাবিশ্ব

মহাবিশ্বের কোথাও কি এমন কোনো স্থান থাকতে পারে, যেখানে সত্যিকার অর্থেই কিছু নেই? এমনকি শক্তি, কণা কিংবা পদার্থবিজ্ঞানের মৌলিক নিয়মও নেই? বিজ্ঞানীরা বলছেন, এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আর সত্যিই যদি এমন কোনো শূন্যস্থান তৈরি হয়, তবে তা মুহূর্তের মধ্যে গ্রাস করতে পারে পুরো মহাবিশ্বকে।
মহাবিশ্বের প্রকৃত শূন্যতা বা ‘ট্রু ভ্যাকুয়াম’ নিয়ে এমনই এক উদ্বেগজনক সম্ভাবনার কথা তুলে ধরেছেন বিজ্ঞানবিষয়ক কলামিস্ট লিয়া ক্রেন।
আমরা সাধারণত শূন্যস্থান বলতে এমন একটি জায়গাকে বুঝি, যেখানে কিছুই নেই। কিন্তু পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে মহাশূন্যও পুরোপুরি শূন্য নয়। সেখানে বিভিন্ন কোয়ান্টাম ক্ষেত্র, শক্তি ও ক্ষণস্থায়ী ভার্চুয়াল কণার অস্তিত্ব রয়েছে। ফলে মহাবিশ্বের শূন্যস্থান বলতে বোঝায় এমন একটি অবস্থা, যেখানে শক্তির পরিমাণ সর্বনিম্ন; একেবারে শক্তিহীন কোনো অবস্থা নয়।
তবে বিজ্ঞানীদের ধারণা, আমাদের পরিচিত মহাবিশ্বের এই অবস্থার চেয়ে কম শক্তিসম্পন্ন কোনো অবস্থা থাকতে পারে। অর্থাৎ, মহাবিশ্ব বর্তমানে শক্তির একটি স্থানীয় সর্বনিম্ন অবস্থায় রয়েছে, যা প্রকৃত সর্বনিম্ন অবস্থা নয়। পদার্থবিজ্ঞানে একে বলা হয় ‘ফলস ভ্যাকুয়াম’ বা মিথ্যা শূন্যস্থান। আর এর চেয়ে কম শক্তির অবস্থাকে বলা হয় ‘ট্রু ভ্যাকুয়াম’ বা প্রকৃত শূন্যস্থান।
এই দুই অবস্থার মধ্যে পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হয় ‘ভ্যাকুয়াম ডিকে’। বিজ্ঞানীদের মতে, কোয়ান্টাম টানেলিং নামের একটি প্রক্রিয়ার মাধ্যমে এমন পরিবর্তন ঘটতে পারে। এ ক্ষেত্রে কোনো কণা প্রচলিত শক্তিবাধা অতিক্রম না করেই হঠাৎ তার ভেতর দিয়ে চলে যেতে পারে। এমন ঘটনা অত্যন্ত বিরল হলেও মহাবিশ্বে বিপুলসংখ্যক কণা থাকায় তা অসম্ভব নয়।
এভাবে কোনো কণা প্রকৃত শূন্যস্থানে প্রবেশ করলে সেখানে একটি ক্ষুদ্র বুদ্বুদের মতো স্থান তৈরি হতে পারে। এর ভেতরের অবস্থা আমাদের পরিচিত মহাবিশ্বের মৌলিক নিয়ম ও শক্তির সঙ্গে সম্পূর্ণ ভিন্ন হতে পারে।
এই বুদ্বুদের পরিণতি নির্ভর করবে এর শক্তির পার্থক্য ও বাইরের মহাবিশ্বের সঙ্গে এর সীমানার পৃষ্ঠটানের ওপর। বুদ্বুদটি খুব ছোট হলে কিংবা এর পৃষ্ঠটান বেশি হলে তা সংকুচিত হয়ে অদৃশ্য হয়ে যেতে পারে। কিন্তু পরিস্থিতি ভিন্ন হলে এটি আলোর গতিতে চারদিকে ছড়িয়ে পড়বে। পথে যা কিছু পাবে, সবকিছুকে গ্রাস করবে। শেষ পর্যন্ত এর ভেতরের মহাবিশ্বও সম্পূর্ণ ধসে পড়তে পারে।
তবে এমন ঘটনা আদৌ সম্ভব কি না, তা নিশ্চিত হওয়ার মতো পর্যাপ্ত তথ্য এখনো বিজ্ঞানীদের হাতে নেই। হিগস বোসনের ভর ও মৌলিক বলগুলোর শক্তির মতো বিভিন্ন ধ্রুবকের সুনির্দিষ্ট মান বিশ্লেষণ করে মহাবিশ্বের স্থিতিশীলতা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। বর্তমান পরিমাপ অনুযায়ী, মহাবিশ্ব স্থিতিশীলতা ও অস্থিতিশীলতার সীমার কাছাকাছি অবস্থান করছে।
এ ছাড়া দুটি কৃষ্ণগহ্বরের সংঘর্ষের মধ্যবর্তী অঞ্চলে ক্ষুদ্র প্রকৃত শূন্যস্থানের বুদ্বুদ তৈরি হতে পারে বলেও গবেষকদের ধারণা। এসব বুদ্বুদ কৃষ্ণগহ্বরে বিলীন হওয়ার আগে একত্র হয়ে ক্ষুদ্র কৃষ্ণগহ্বর তৈরি করতে পারে, যা থেকে নির্গত বিকিরণ শনাক্ত করা সম্ভব হতে পারে।
তবে আপাতত এই সম্ভাবনার কোনো নিশ্চিত প্রমাণ নেই। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এমন কোনো বুদ্বুদ আলোর গতিতে ছড়িয়ে পড়লে তা আমাদের গ্রাস করার আগমুহূর্ত পর্যন্ত আমরা কিছুই জানতে পারব না।
সূত্র: নিওসায়েন্টিস্ট









