Ajker Patrika

৩ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল সিপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৮: ৪৯
৩ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল সিপিবি
রাগিব আহসান মুন্না, মঞ্জুর মঈন ও হাসান হাফিজুর রহমান সোহেল। ছবি: সংগৃহীত

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

দলটির সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী সিটি করপোরেশনে রাগিব আহসান মুন্না, ঢাকা উত্তর সিটি করপোরেশনে হাসান হাফিজুর রহমান সোহেল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মঞ্জুর মঈন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ মঙ্গলবার সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রার্থী ঘোষণার কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পার্টির ফোরামে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সিপিবি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রাগিব আহসান মুন্না সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহসভাপতি (ভিপি)। হাসান হাফিজুর রহমান সোহেল সিপিবি ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সভাপতি। অন্যদিকে মঞ্জুর মঈন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক।

বিবৃতিতে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন জানান, স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে সিটি করপোরেশনগুলোকে প্রকৃত অর্থে স্বায়ত্তশাসিত নগর সরকার হিসেবে গড়ে তোলার সংগ্রাম করছে দলটি। স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করা ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।

আবদুল্লাহ ক্বাফী আরও বলেন, নগরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করা, পরিকল্পিত নগরায়ণ, যানজট ও জলাবদ্ধতা নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে নিম্ন ও মধ্যবিত্তসহ সব শ্রেণির মানুষের আবাসন ও জীবিকার অধিকার রক্ষায় সিটি করপোরেশনকে ভূমিকা রাখতে হবে।

রতন সিটি করপোরেশনকে নাগরিক সেবা দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ ও উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

সিটি করপোরেশনগুলোতে বিনা ভোটে প্রতিষ্ঠিত দলীয় কর্তৃত্ব ও দখলদারত্বের অবসান ঘটাতে হবে উল্লেখ করে রতন বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে স্থানীয় সরকারের দায়িত্ব দিতে হবে, যাতে নগরবাসী নিজেদের শহরের উন্নয়ন, পরিকল্পনা ও পরিচালনায় কার্যকর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত