সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন ড. খন্দকার মোশাররফ হোসেন

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ শুক্রবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আজই তাঁর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এদিকে, খন্দকার মোশাররফের সুস্থ হয়ে দেশে ফেরার খবরে কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
পারিবারিক সূত্রে আরও জানানো হয়েছে, চিকিৎসা শেষে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দেশে ফিরে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন বিশ্রামে থাকবেন।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বরে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ড. খন্দকার মোশাররফ হোসেনের দেশে ফেরার কথা ছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি বমি করেন। পরে তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়।









