‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল করে শাপলা প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
আজ বেলা ১১টার দিকে বৈঠকে বসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
বৈঠক শেষে এনসিপির নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘শাপলার কোনো বিকল্প অপশন নাই। শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই। যদি না দেওয়া হয়, তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।’
নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করার দাবি জানান নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ‘নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি পুনর্গঠন আইনের পরিবর্তন আনতে হবে এবং ইসিতে যাঁরা ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাঁদের রাখা যেতে পারে।’
গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি, যা ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠানো হয়।
গত ২২ জুন এনসিপি নিবন্ধনের আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এ ছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার ইসির সঙ্গে বৈঠকও করে।
বর্তমানে ৫১টি (নিবন্ধন স্থগিত আওয়ামী লীগসহ) নিবন্ধিত দল আছে। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলকে বরাদ্দ দেওয়া হবে।
আরও খবর পড়ুন:
- চাকরি হারাচ্ছেন পুলিশের দুই ডজন কর্মকর্তা
- গুনে গুনে ঘুষ নিচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশলের ক্যাশিয়ার, ভিডিও ভাইরাল
- পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ
- ৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের
- জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো
- সোহাগকে হত্যাকারীরা যত ক্ষমতাশালীই হোক, আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা









