Ajker Patrika

শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, ভারতের উদ্দেশে রিজভী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৮: ৫৯
শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, ভারতের উদ্দেশে রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বের আমন্ত্রণ জানালে বাংলাদেশ সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।’

আজ বুধবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতা-কর্মীদের নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। এর বাহিরে কিছু হলে, বিএনপি সরকার সায় দেবে না। পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই বাংলাদেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক তৈরি হতে হবে।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীও এই নীতির ভিত্তিতেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘কোনো দেশের সঙ্গে সম্পর্কের আড়ালে যদি বিশেষ কোনো শর্ত থাকে, তাহলে সেটিকে বন্ধুত্ব বলা যায় না। প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করার মাধ্যমেই প্রকৃত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে।’

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, ‘প্রতারণা, ভণ্ডামি ও মিথ্যা আশ্বাস ছিল আওয়ামী লীগের নীতি। এটাই ছিল আওয়ামী লীগের সংস্কৃতি। আর বিএনপির সংস্কৃতি অঙ্গীকার রক্ষা করা, ওয়াদা রক্ষা করা।’

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত