
নির্বাচনে কিছু আসনে বেশি, কিছু আসনে কম বডি ওর্ন ক্যামেরা বসানো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অভিযোগ দিয়েছে জামায়াতে ইসলামী। তাদের অভিযোগ, একটি বিশেষ দলকে সুবিধা দিতেই এ ধরনের বৈষম্য করা হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বুধবার বৈঠক করেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং জোটের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতা–কর্মীদের ওপর হামলা, নির্বাচনী বুথ ভাঙচুরেরও অভিযোগ করেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘নির্বাচন কমিশন এ বিষয়ে (বডি ওর্ন ক্যামেরা) পুলিশের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি পুনরায় যাচাই (ক্রস চেক) করার দাবি জানানো হয়েছে। এটা কাকতালীয় নাকি অন্য কোনো উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত- তা খতিয়ে দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব।’
এই জামায়াত নেতা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানোর বিষয়ে বারবার অনুরোধ জানানো হলেও দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। শুধু আশ্বাস নয়, জাতি দেখতে চায়, নির্বাচন কমিশন বাস্তবে কী ব্যবস্থা নিচ্ছে।
জামায়াতের এক নেতাকে আটকের ঘটনায় এ সময় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন, ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার সময় জামায়াতের ওই নেতাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হয়েছে।
জুবায়েরের ভাষ্য, সংশ্লিষ্ট নেতা ঢাকা বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল পার হওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাঁর ব্যাগ পরীক্ষা করে দেখেছেন এবং সেখানে কোনো অবৈধ কিছু পাওয়া যায়নি। ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ বহন করাই স্বাভাবিক। এতে আইনের কোনো ব্যত্যয় হয়নি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশ পরিকল্পিতভাবে কিছু নির্দিষ্ট সাংবাদিক ডেকে এনে একটি ‘নাটক’ সাজিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আগেও কুখ্যাতির অভিযোগ রয়েছে। অসুস্থ অবস্থায় জামায়াতের ওই নেতাকে নাজেহাল করা হয়েছে, পরে তাঁকে হাসপাতালে নিতে হয়েছে।
এ ছাড়া জুবায়ের কুমিল্লা-৪ আসনে এক বিএনপি নেতার হুমকিমূলক বক্তব্যের প্রসঙ্গ তুলে বলেন, হাত-পা ভেঙে দেওয়ার মতো বক্তব্য কোনো প্রার্থী দিতে পারেন না। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলে কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।
মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব অভিযোগ বারবার নির্বাচন কমিশনকে জানানো হলেও দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। শুধু আশ্বাস দিলে চলবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা জাতি প্রত্যাশা করে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। প্রতিটা সেন্টারে ইনশা আল্লাহ প্রতিরোধ হবে। কোনো অবস্থাতেই আমরা মাঠ ছাড়ব না। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেব।’

সাক্ষাৎকালে আইআরআই প্রতিনিধি দল তাদের সর্বশেষ জাতীয় জরিপের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে এনসিপির কাছে হস্তান্তর করে। এ সময় জরিপের বিভিন্ন ফলাফল ও প্রতিবেদনের নানা দিক নিয়ে মতবিনিময় হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের মানুষের ভোটের পছন্দের সঙ্গে উন্নয়নকে যুক্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা।
৩ ঘণ্টা আগে
জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামীকে দায়িত্ব দিলে তারা তরুণ যুবসমাজকে গড়ে তুলবে। তাঁর মতে, দেশের তরুণেরা বিদেশে গিয়ে পড়ালেখা করে আর ফিরে আসে না, কারণ তারা জানে এ দেশে তরুণদের মেধার মূল্যায়ন হয় না।
৪ ঘণ্টা আগে
দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। বিএনপির একাধিক নেতা গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ ঘণ্টা আগে