Ajker Patrika

১১ দলীয় জোটের প্রথম লংমার্চ শাপলা চত্বর থেকে লালদীঘি ময়দানে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
১১ দলীয় জোটের প্রথম লংমার্চ শাপলা চত্বর থেকে লালদীঘি ময়দানে
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর থেকে। প্রথম লংমার্চটি রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। এ কর্মসূচি চলাকালে পথে অনেকগুলো পথসভাও করবে তারা।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। লংমার্চ নিয়ে নিজেদের প্রস্তুতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ৫ সেপ্টেম্বর শনিবার সকাল সাতটায় শাপলা চত্বরে সমবেত হবেন তাঁরা। সেখান থেকে তাঁরা চট্টগ্রামের লালদীঘির ঐতিহাসিক ময়দানের উদ্দেশে যাত্রা শুরু করবেন এবং রাত দশটা থেকে ১১টায় সেখানে পৌঁছাবেন। কর্মসূচি চলাকালে অন্তত ছয়-সাতটি পয়েন্টে জোটের শীর্ষ পথসভা করবেন বলেও জানান তিনি।

পরওয়ার বলেন, ‘ছয়টি প্রধান দাবিকে এই লং মার্চের দাবি হিসেবে পোস্টার, লিফলেট, প্রচারণায় আমরা স্থান দিয়েছি। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণ রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস, দেশ ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, প্রশাসনের সর্বস্তরকে দলীয়করণমুক্ত করা।’

এরই মধ্যে লং মার্চের প্রস্তুতি নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৯টি জেলা ও মহানগর শাখার নেতাদের নিয়ে বৈঠকও সম্পন্ন হয়েছে বলে জানান গোলাম পরওয়ার। তিনি আরও জানান, নারায়ণগঞ্জ থেকে শুরু করে মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনী হয়ে চট্টগ্রাম মহানগরী ও জেলা সংশ্লিষ্ট নয়টি শাখাকে এর সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব শাখার আমির ও নেতারা, ইসলামী ছাত্রশিবিরের নেতারা এবং শ্রমিক নেতারা লং মার্চ প্রস্তুতির বৈঠকে অংশ নিয়েছেন।

লং মার্চের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বিভিন্ন বিভাগ গঠন করা হয়েছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘আমরা এই রোডমার্চের ডিসিপ্লিন সম্পর্কে অনেকগুলো বিভাগ করেছি। অভ্যর্থনা বিভাগ করেছি, মেডিকেল বিভাগ করেছি, পরিবহন বিভাগ করেছি। আমরা প্রচার-প্রকাশনা, আইটি বিভাগ, স্বেচ্ছাসেবক বিভাগ, সাংস্কৃতিক বিভাগ, নিরাপত্তা বিভাগ, প্রশাসনিক যোগাযোগের বিভাগ, চিকিৎসা বিভাগ এবং পরিবহন বিভাগের দায়িত্ব ভাগ করে দিয়েছি।’

এসব বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে সমন্বয় সভাও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

১১ দল ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির শিডিউল পুলিশকে লিখিতভাবে দেওয়া হয়েছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়াও লংমার্চ ঘিরে জনদুর্ভোগের জন্য দেশবাসীর কাছে আগাম ক্ষমা চেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এই লং মার্চ সফল করার প্রয়োজনে দেশ-জাতি-গণতন্ত্রের স্বার্থে যাদের একটু কষ্ট হবে, একটু যানজট হবে, একটু ভোগান্তি যদি হয়, আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের সবার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।’

সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত