ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আসছে শিগগির

আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার পর এবার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সবকিছু ঠিক থাকলে শিগগির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
আজ বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কমিটি গঠনের বিষয়ে এখনো আমরা আলোচনা করিনি। তবে শিগগির কমিটি করে ফেলব।’
এর আগে, আগের কমিটি বিলুপ্ত ঘোষণার এক মাসের বেশি সময় পর ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে। সদস্যসচিব করা হয় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে।
বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।
এদিকে নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর আজ বুধবার বিকেলে মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে মহানগর উত্তরের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা অংশ নেন।
সভা সম্পর্কে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বরের র্যালি সফল করার প্রস্তুতি নিয়ে মূলত আলোচনা হয়েছে। র্যালিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। দিবসটি ভালোভাবে উদ্যাপনের জন্য দলের পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়গুলো নিয়ে কথা হয়েছে।
জাহাঙ্গীর হোসেন আরও বলেন, মতবিনিময়ের উদ্দেশ্যেই এ সভার আয়োজন করা হয়েছিল। এতে মহানগর উত্তরের সব ইউনিটের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।










