
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন—এমন গুঞ্জনে গতকাল বৃহস্পতিবার রাতভর সয়লাব ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। কয়েকটি সংবাদমাধ্যম এনসিপির ‘সূত্রকে’ উদ্ধৃত করে খবরও প্রকাশ করে।
তবে এনসিপি থেকে পদত্যাগের যে গুঞ্জন রটেছে, তাকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সঙ্গেই আছি। সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগরীর সমন্বয় সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি থেকে পদত্যাগ করেছেন—এমন গুঞ্জন গতকাল রাতে ছড়িয়ে পড়ে। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দাবি করা হয়, তিনি দলের মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এসব প্রতিবেদনে এনসিপির ‘একটি সূত্র’-কেও উদ্ধৃত করা হয়।
এরপর রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে নাসীরুদ্দীনের পদত্যাগের খবরের সত্যতা অস্বীকার করা হয়।
তাতে বলা হয়, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধনসংক্রান্ত কাজে তাঁর দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তাঁর পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।’
পদত্যাগের গুঞ্জনের বিষয়ে নাসীরুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়। এ ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে। সত্যিকার অর্থে, আমাদের যেটা প্রয়োজন, আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল, বর্তমানেও সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র—সবাই মিলে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। কোথায় দুর্নীতি হচ্ছে, মিলিটারি-পুলিশে যে সংস্কারগুলো রয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে, সেখানে কোথায় ব্যত্যয় হয়েছে, সেগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত।’

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৩ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৬ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
৯ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
৯ ঘণ্টা আগে